এক সাইটে সব খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট এখন তথ্যের সবচেয়ে বড় ভান্ডার। নানা ধরণের তথ্যের সঙ্গে প্রতিনিয়ত দেশ-বিদেশের খবরগুলো সহজেই ইন্টারনেটে পড়ে নেওয়া যায়। বিষয়ভিত্তিক বিভিন্ন ধরনের সংবাদের জন্য বিভিন্ন ওয়েবসাইট বেশি জনপ্রিয়তা পেয়ে থাকে। তাই দেখা যায় খেলা, তথ্যপ্রযুক্তি বা বিশ্ব-বাণিজ্যের হালনাগাদ তথ্যের জন্য অনেকগুলো ওয়েবসাইট খুঁজে দেখতে হয়। আবার চলচ্চিত্র জগতের সর্বশেষ সংবাদ জানতে খুঁজতে হয় হয়তো অন্য কোনো ওয়েবসাইট।এত সাইট একই সঙ্গে খুঁজে দেখার কষ্ট থেকে পরিত্রাণ পেতে পারেন গুগল নিউজ নামের ওয়েবসাইটে। http://news.google.com ঠিকানার এ সাইটে বিষয়ভিত্তিক খবরগুলো আলাদা ভাগে ভাগে রাখা হয়।ফলে কোনো নির্দিষ্ট বিষয়ের খবর জানতে চাইলে সেই ভাগে খুঁজতে হবে। তথ্য খোঁজার সুবিধার জন্য সম্প্রতি এটিকে আরও ব্যবহার-বান্ধব করা হয়েছে। সেই সঙ্গে দরকারি সংবাদগুলো সহজেই খুঁজে পেতে ব্যবহারকারী গুগল নিউজের বিভিন্ন অংশ নিজের মতো সাজিয়ে নিতে পারবেন এবং কোনো একটি নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান করা হলে সেই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সংবাদগুলোও দেখানো হয়।এখানে “News for you” নামে একটি ভাগ আছে।এ ভাগে ব্যবহারকারী তার পছন্দের সংবাদের বিভাগগুলো তালিকাভুক্ত করে রাখতে পারবেন।পরবর্তী সময়ে সেই বিভাগের নতুন খবরগুলো ওই মেনুতে দেখা যাবে।গুগল নিউজের খবরগুলো বিভিন্ন সংবাদমাধ্যম থেকে সংগ্রহ করা হয় এবং তথ্যমাধ্যমের কোনোটি যদি আপনি গ্রহণযোগ্য বলে মনে না করেন, তবে ওই পৃষ্ঠার ওপরের Settings\News Setting অপশন থেকে সেটি বাদ দিতে পারবেন।এখানে আরও একটি বড় সুবিধা হলো, প্রতিটি সংবাদে ওপরের ডান কোণে ফেইসবুক, টুইটার বা গুগল বাজে শেয়ার করা অপশন দেওয়া আছে। মেনু থেকে এক ক্লিক করেই যেকোনো তথ্য সহজেই বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে। —নাসির খান