প্রযুক্তিপণ্য নির্মাতা হিউল্যাট-প্যাকার্ড (এইচপি) তাদের কম্পিউটার ও প্রিন্টার প্রস্তুতকারক অংশকে (ইউনিট) এক করে ফেলার কথা জানিয়েছে। এর ফলে প্রযুক্তিবাজারের চাহিদা অনুযায়ী আরও নতুন উদ্ভাবনের সুযোগ বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। এ জন্য এইচপির ইমাজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপ এবং পার্সোনাল সিস্টেমস গ্রুপ (পিএসজি) একসঙ্গে করবে, যার নেতৃত্বে থাকবেন পিএসজির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টম ব্র্যাডলি। এ উদ্যোগের ফলে কোনো কর্মী ছাঁটাই হবেন কি না, এমন প্রশ্নের জবাবে এইচপির এক মুখপাত্র বলেন, ‘এখনো আমাদের এমন কোনো পরিকল্পনা নেই।’দিনে দিনে ট্যাবলেট কম্পিউটার আর স্মার্টফোনের বাজারের অবস্থা দারুণভাবে বেড়ে যাওয়া এবং প্রিন্টারের বাজারের শীর্ষত্ব ধরে রাখতে কম্পিউটার ইউনিটকে প্রিন্টার ইউনিটের সঙ্গে এক করার উদ্যোগ নিল এইচপি। এ ছাড়া কম্পিউটার ইউনিটের কারণে এইচপি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে বলেও মনে করা হচ্ছে। এ ইউনিট চলতি বছরের প্রথম ভাগেই প্রায় ১৫ শতাংশ লভ্যাংশ হারিয়েছে, যা ভোক্তা পর্যায়ে ২৫ শতাংশ। প্রথম পর্যায়েই এইচপির প্রধান নির্বাহী ম্যাগ হুইটম্যান বলেন, বর্তমান সময়ের কথা বিবেচনায় এনে নতুন প্রযুক্তির সমন্বয় ঘটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্বসেরা প্রযুক্তিপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়া অ্যাপলের সঙ্গে নানা দিক দিয়ে পিছিয়ে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মতো এইচপিও এখন নতুন কিছু নিয়ে ভাবছে, যা প্রযুক্তিবাজারে জায়গা করে নিতে সাহায্য করবে।—এএফপি অবলম্বনে কাজী আশফাক আলম