এক হ্যাকারের কাছে প্রায় সব লিংকডইন ব্যবহারকারীর তথ্য
প্রায় ৭০ কোটি লিংকডইন ব্যবহারকারীর তথ্য বিক্রির চেষ্টা করছে হ্যাকাররা। এই তথ্যে ব্যবহারকারীর পুরো নাম, ই-মেইল, জন্মদিন, কর্মস্থলের ঠিকানা, মুঠোফোন নম্বর, ফেসবুক ও টুইটার আইডি, কর্মসংস্থানসংক্রান্ত তথ্য এবং কোনো কোনো ক্ষেত্রে সুনির্দিষ্ট অবস্থানও ছিল।
লিংকডইনের মোট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭৫ কোটি ৬০ লাখ। সে হিসাবে বলা যায়, প্রায় ৯৩ শতাংশ ব্যবহারকারীর তথ্য আছে সেখানে। সুতরাং হ্যাকারের দাবি সত্যি হলে এবং আপনি লিংকডইন ব্যবহারকারী হলে সেখানে আপনার তথ্যও আছে বলে ধরে নিতে পারেন।
লিংকডইনের দাবি, তথ্যগুলো প্রতিষ্ঠানটির ডেটাবেইস হ্যাক করে সংগ্রহ করা নয়। বরং ব্যবহারকারীদের পাবলিক প্রোফাইল এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহ করে এককাট্টা করেছে হ্যাকাররা।
লিংকডইনের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বিক্রির জন্য রাখা তথ্যের একাংশ পরীক্ষা করে দেখেছে আমাদের কর্মীরা। আমরা পরিষ্কার করতে চাই, এটা তথ্য ফাঁস নয় এবং লিংকডইন ব্যবহারকারীদের কোনো গোপন তথ্য ছড়িয়ে পড়েনি।’
কারিগরি দিক থেকে লিংকডইনের দাবি হয়তো সত্য। হ্যাক করে, নিরাপত্তার স্তর ভেঙে ডেটাবেইসে হ্যাকার প্রবেশাধিকার পায়নি ঠিক। আর সে কথার উল্লেখ করেই দায় এড়ানোর চেষ্টা করছে মাইক্রোসফটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। তবে যেভাবেই হোক, হয়রানির শিকার তো ব্যবহারকারীই হবেন।
এক বছরের মধ্যে দুবার এমন ঘটনা ঘটল। গত এপ্রিলে ৫০ কোটি ব্যবহারকারীর একসেট তথ্য পোস্ট করে হ্যাকাররা। তথ্যের নতুন সেটটি কি আগেরটারই বর্ধিত রূপ কি না, তা অবশ্য পরিষ্কার নয়।
টম-লাইনার নামের কেউ তথ্যগুলো বিক্রির জন্য রেইড ফোরামস নামের ওয়েবসাইটে ২২ জুন পোস্ট করেন। তিনি যে মিথ্যা দাবি করছেন না, তা বোঝাতে নমুনা হিসেবে ছোট ছোট কয়েক সেট তথ্য দেখার জন্য দিয়েছেন সেখানে।
সমাধান কী
যে তথ্য বেহাত হয়েছে, তা ফিরিয়ে নেওয়ার সুযোগ প্রায় নেই বলা চলে। পরে কোনো তথ্য ফাঁসের ঘটনায় আপনার তথ্য যেন না থাকে, সে জন্য বরং সতর্ক হতে পারেন। প্রথম কাজ হলো, লিংকডইন বা যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে যতটা কম তথ্য দিয়ে প্রোফাইল সাজাতে পারেন, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ততই ভালো। আর সামাজিক যোগাযোগমাধ্যম সেবাগুলোর অ্যাপ যেন আপনার অবস্থানসংক্রান্ত তথ্য না পায়, সে জন্য সেটিং বদলে দিতে পারেন।
কাজটি করার জন্য অ্যান্ড্রয়েডে সেটিংস থেকে যেতে হবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনসে, এরপর অ্যাপ পারমিশনস থেকে লোকেশনে। এবার সেখানে ঠিক করে দিন কোন অ্যাপ সর্বক্ষণ, কোন কোন অ্যাপ মাঝেমাঝে এবং কোন অ্যাপগুলো কখনোই জিপিএসের মাধ্যমে আপনার অবস্থান শনাক্ত করতে পারবে না। আইফোনে একই কাজ করতে সেটিংস থেকে প্রাইভেসি এবং এরপর লোকেশন সার্ভিসেসে যেতে হবে।