একই দিন অ্যাপলের তিন!

প্রযুক্তি বিশ্ব জুড়ে অপেক্ষা চলছে ৯ সেপ্টেম্বরের। ওই দিন নতুন পণ্যের ঘোষণা দিতে পারে অ্যাপল। কী আনছে অ্যাপল? প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন এবারে বড় মাপের দুটি মডেলের আইফোনের পাশাপাশি স্মার্টওয়াচ আর আইপ্যাডের নতুন সংস্করণেরও ঘোষণা দিতে পারে।
অবশ্য অ্যাপল ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, আগামী বছর নাগাদ বড় মাপের নতুন আইপ্যাড আনবে অ্যাপল কর্তৃপক্ষ। ২০১৫ সালের প্রথম প্রান্তিক অর্থাত্ জানুয়ারি থেকে মার্চের মধ্যেই ১২.৯ ইঞ্চি মাপের আইপ্যাড আনবে প্রতিষ্ঠানটি। বড় মাপের আইপ্যাডে যাওয়ার কারণ হচ্ছে, বর্তমানে বাজারে থাকা ১০ ইঞ্চি ও ৭.৯ ইঞ্চি মাপের আইপ্যাডগুলোর জনপ্রিয়তা কিছুটা কমে গেছে।
বাজার-বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন ধরেই পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে আনতে কাজ করছে অ্যাপল। সে বিবেচনায় নতুন নকশার আইওয়াচের দেখা মিলতে পারে এবার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোডের প্রযুক্তি বিশ্লেষক জন পেজোস্কির মতে, ৯ সেপ্টেম্বর নতুন মডেলের আইফোনের পাশাপাশি নতুন স্মার্টওয়াচ উন্মুক্ত করবে অ্যাপল।
বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন ৯ সেপ্টেম্বর নতুন আইফোন আসছে আইওএস ৮ অপারেটিং সিস্টেমসহ। ধারণা করা হচ্ছে, নতুন আইফোন বাজারে আসার একদিন পর অর্থাত্ ১০ সেপ্টেম্বর আইওএস ৮ উন্মুক্ত করা হবে সাধারণ ব্যবহারকারীদের জন্য। নতুন আইফোন একই সঙ্গে দুটি মডেলে আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে ৪.৭ ইঞ্চি পর্দার এবং অন্যটি হতে পারে ৫.৫ ইঞ্চি পর্দার।
আইফোন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে এ বছর ছয় কোটি আশি লাখ ইউনিট আইফোন ৬ তৈরির ফরমায়েশ দিয়েছে অ্যাপল। তাইওয়ানের বিজনেস উইকলিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইফোন পাঁচের তুলনায় দ্বিগুণ পরিমাণ আইফোন ৬ বাজারে আনছে অ্যাপল। গত বছরে বাজারে আসার মাত্র তিন দিন পর ৯০ লাখ ইউনিট আইফোন৫এস ও ৫সি মডেল বিক্রির রেকর্ড হয়েছিল।
অ্যাপলের নতুন আইফোন নিয়ে বরাবরই প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নানা গুজব থাকে। এবার আইফোন ছয় ঘিরেও তার কমতি নেই। আইফোন ৬ ঘিরে যেসব গুজব চাউর হয়েছে তার মধ্যে রয়েছে স্যাফায়ার ডিসপ্লে ও কর্নিংয়ের গোরিলা গ্লাস থাকবে এতে।
আইফোন ৬ এর ব্যাটারিতে থাকবে দীর্ঘস্থায়ী চার্জ ধরে রাখার প্রযুক্তি। পরবর্তী এ সংস্করণটির নাম নিয়েও রয়েছে আলোচনা। একে আইফোন এয়ারও বলা হচ্ছে। অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ না করলেও নতুন আইফোন বাজারে আসার তারিখ ও দামও গুজব হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে।