একই পোশাকে প্রতিদিন জাকারবার্গ!
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের অবস্থা কি এতটাই খারাপ যে একই পোশাক প্রতিদিন পরতে হয় তাঁকে? যখনই দেখা যায়, তাঁর গায়ে থাকে ধূসর রঙের একটি টি-শার্ট। বাড়িতে কি তাঁর আর কোনো পোশাক নেই? সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন মার্ক জাকারবার্গ। খবর ‘ডেইলি মেইল’-এর।জাকারবার্গ জানিয়েছেন, তাঁর বাড়িতে ধূসর রঙের একই রকম দেখতে টি-শার্ট আছে ২০টি। এগুলো ঘুরিয়ে-ফিরিয়ে পরেন বলে মনে হয় তিনি প্রতিদিন একই টি-শার্ট পরছেন। তাঁর বাড়িতে নাকি কাপড়চোপড় রাখার বেশি জায়গা নেই! কারণ, স্ত্রী প্রিসিলা চ্যান কাপড়চোপড় রাখার জন্য বেশির ভাগ জায়গা দখল করে রেখেছেন—এমন রসিকতাও করেন ২৮ বছর বয়সী জাকারবার্গ।একই পোশাক ঘুরিয়ে-ফিরিয়ে পরায় কোনো লজ্জা অনুভব করেন না তিনি। আর বিষয়টি কেউ জানলেও তাঁর কোনো অসুবিধা নেই। এনবিসিকে দেওয়া সাক্ষাত্কারে জাকারবার্গ জানিয়েছেন, তিনি একই রকম পোশাক প্রতিদিন পরেন। বাড়িতে নিজের কাপড় রাখার জন্য তাঁর সম্বল মাত্র ওই একটি ড্রয়ার! ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্পর্কে সবার ধারণা, তিনি কখনো স্যুট-টাই পরেন না! ট্রেডমার্ক পোশাক হুডি আর ধূসর টি-শার্ট নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। প্রযুক্তিবিশ্লেষকদের কাছে আইপিও ছাড়ার মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁর পোশাকের জন্য তাঁকে ‘অপরিপক্ব’ বা ‘ছেলেমানুষ’ মন্তব্য সহ্য করতে হয়েছে। এর আগে, ২০১১ সালে অবশ্য তিনি সবচেয়ে বাজে স্টাইলের পোশাক পরেন বলেও আখ্যা পেয়েছিলেন ‘জিকিউ’ ম্যাগাজিনে। জাকারবার্গের স্যুট-টাই পরা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর সঙ্গে সাক্ষাতের সময় কৌতুক করে মন্তব্য করেছিলেন, ‘আমিই সেই ব্যক্তি যে মার্ককে জ্যাকেট ও টাই পরতে দেখেছি।’ তবে এসবে কিছুই মনে করেন না তিনি। ‘হুডিযুক্ত ধূসর টি-শার্ট, জিনস ও স্নিকার’কে ট্রেডমার্ক পোশাক বানিয়ে ফেলা জাকারবার্গ টাই-স্যুট পরার বিষয়কে একরকম চ্যালেঞ্জই মনে করেন। এর আগে তিনি বার তিনেক কোট-টাই পরেছেন। প্রথমবার হোয়াইট হাউসে বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের সময় এবং দ্বিতীয়বার ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে সাক্ষাতের সময়। আর শেষবার তাঁকে কোট-টাই পরতে দেখা গেছে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে আলোচনার সময়। মেদভেদেভের সঙ্গে তোলা কোট-টাই পরা নিজের একটি ছবি সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছেন জাকারবার্গ। তবে রাশিয়ার প্রধানমন্ত্রীকে একটি সাদা টি-শার্ট উপহার দিতে ভোলেননি তিনি।এনবিসিকে দেওয়া ওই সাক্ষাত্কারে ফেসবুকের ভবিষ্যত্, নিজের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কেও জানিয়েছেন তিনি। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের কাছ থেকে একটি আইফোন-৫ উপহার পাওয়ার কথা সাক্ষাত্কারে উল্লেখ করতে ভোলেননি মার্ক জাকারবার্গ।