একই সঙ্গে নানা কাজে নারীর দক্ষতা

সংসারের যাবতীয় কাজ সেরে একজন নারী তাঁর পেশাগত দায়িত্বেও নৈপুণ্যের প্রমাণ দিতে পারেন। দক্ষতার বিবেচনায় পুরুষদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন নারীরা। এত দিন পর্যন্ত বিষয়টি কেবল ধারণার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু যুক্তরাজ্যের একদল গবেষক এবার সেই ধারণার সমর্থনে প্রমাণ হাজির করেছেন।
হার্টফোর্ডশায়ার, গ্লাসগো ও লিডসের তিনটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১২০ জন নারী ও ১২০ জন পুরুষকে কম্পিউটারভিত্তিক দুটি কাজ দেন। তাঁরা সমান সময়ে নিখুঁতভাবে ওই কাজ সম্পন্ন করেন। কিন্তু একই সঙ্গে কাজগুলো করতে দিয়ে দেখা যায়, নারীরা তুলনামূলক দ্রুত সেগুলো করে ফেলতে পেরেছেন। যুগপৎ দুটি কাজ করতে গিয়ে নারী ও পুরুষের পিছিয়ে পড়ার হার ছিল যথাক্রমে ৬১ ও ৭৭ শতাংশ।
গবেষকদের মতে, নারীরা একই সঙ্গে অনেকগুলো কাজের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। কেবল কম্পিউটারে নয়, বাস্তব জগতের অনেক কাজেও তাঁরা এই সাফল্যের প্রমাণ দেন।
বিএমসি সাইকোলজি সাময়িকীতে ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এই গবেষণার মধ্য দিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই বলে উল্লেখ করা হয়েছে। লাইভসায়েন্স।