
কমলাপুর রেলস্টেশনে আসতে আসতেই ইমন ফেসবুকে স্ট্যাটাসটা দিয়ে ফেলল, ‘ট্রাভেলিং টু চিটাগাং, অন্নেক মাস্তি হবে!’ তারপর অনেকগুলো জিব বের করা হাসির ইমো। চট্টগ্রামে গিয়ে সে কী কী করবে, এটা নিয়ে বিস্তারিত বলার ইচ্ছা ছিল, কিন্তু রিকশার ঝাঁকুনিতে ঠিকঠাকমতো লিখতে পারছিল না বলে বাদ দিয়েছে।
ট্রেনে উঠে ইমনের বুকের ভেতরের রক্ত আনন্দে ছলাৎ করে উঠল! সিট কোথায় পড়ে—এ নিয়ে সে বেশ শঙ্কায় ছিল। তার সিটটা জানালার পাশেই পড়েছে এবং তার চেয়েও বড় কথা, তার পাশের সিটেই সুন্দরমতো দেখতে সাজুগুজু করা একটা মেয়ে বসে আছে! কচুক্ষেত থেকে ফার্মগেট কিংবা ঢাকা থেকে ফেনী—যেখানেই যাক না কেন, ইমনের মনের ভেতর সব সময়ই একটা সুপ্ত আশা থাকে যে পাশে একটা সুন্দরী মেয়ে বসবে! দেবে নাকি এটা নিয়ে একটা স্ট্যাটাস? পরক্ষণেই মত বদলাল ও। মাত্র কিছুক্ষণ আগেই একটা দিয়েছে, এখনই আরেকটা দিলে লোকজন আঁতেল ভাববে! তা ছাড়া ওটাতে এখনো যথেষ্ট লাইক-কমেন্ট পড়ার কথা নয়। লগ-ইন করে দেখল, সাতাশ মিনিটের মধ্যেই একাত্তরটা লাইক আর বারোটা কমেন্ট। ‘মন্দ না!’, ভাবল ও।
মেয়েটার সঙ্গে আলাপ-পরিচয় হওয়া দরকার। কিন্তু ঠিক কী দিয়ে কথা শুরু করবে, সে বুঝতে পারছিল না। আচ্ছা, থাক, এখনই আলাপ করতে হবে এমন কোনো কথা নেই। মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না! এখন বরং তার স্ট্যাটাসে লাইক-কমেন্টের অবস্থা দেখা যাক! লাইক এক শটা পার হয়েছে। কিন্তু কমেন্ট পড়েছে মাত্র পনেরোটা! বেশির ভাগই আবার দুনিয়ায় এত জায়গা থাকতে সে চট্টগ্রাম কেন যাচ্ছে সেটা জানতে চেয়ে! ‘আজাইরা প্যাঁচাল’ ভাবতে ভাবতে লগ-আউট করল ও। কিছু একটা মনে পড়তেই আবার লগ-ইন করল। কিন্তু ঠিক কী কারণে লগ-ইন করেছে, সেটা ভুলে যাওয়ায় আবার লগ-আউট করল!
ঘুমিয়ে পড়েছিল। লং জার্নিতে লং ঘুম দেওয়ার বদ-অভ্যাস আছে ইমনের। অনেকক্ষণ পর যখন ঘুম ভাঙল, বাইরে তাকিয়ে হকচকিত হয়ে গেল ও! পাহাড়, পাহাড় আর পাহাড়! সীতাকুণ্ড এসে গেছে! দুই পাশে পাহাড়, ওপরে ঝকঝকে আকাশ আর পাশে সুন্দরমতো দেখতে একটা মেয়ে...ইমনের মনে হলো, ‘লাইফ ইজ আসলেই বিউটিফুল!’ ঝটপট পাহাড়ের কয়েকটা ছবি তুলল ও। সেলফি তুলতে গিয়ে কায়দা করে মেয়েটার ছবিও আনতে পেরেছে। এবার স্ট্যাটাস দেওয়ার পালা!
হায় খোদা! লগ-ইন করতে এতক্ষণ লাগছে কেন? সে ওপরে-নিচে বেশ কয়েকবার স্ক্রল করল, মোবাইল ফোনটাও কয়েকবার ঝাঁকাল! কিন্তু কোনো লাভ হলো না! ফেসবুক অ্যাপ থেকে অপেরা মিনিতে গেল। ও মা! এখানেও একই অবস্থা...লোডিং! আবার এল ফেসবুক অ্যাপে। এতক্ষণে নিশ্চয়ই কিছু একটা হয়ে যাওয়ার কথা। কিন্তু ‘কিছু একটা’ হলো না। ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ-ইনে চাপ দিলেই খালি লোডিং দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ চেষ্টাচরিত্র করে অবশেষে সে হাল ছেড়ে দিল। তাকে কিছুটা উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে! হয়েছেটা কী? মোবাইল ফোনের কোনো সমস্যা নয় তো?
তড়িঘড়ি করে ইমন তার আইটি এক্সপার্ট বন্ধুকে ফোন দিল, ‘হ্যালো...হ্যালো...হ্যাঁ, কে, সুমিত? দোস্ত, আমি একটা বিরাট বিপদে পড়েছি!’
: ট্রেনের বগি লাইন থেকে বেরিয়ে গেছে, নাকি পাশের মেয়েটা বেরিয়ে গেছে?
: ধুর, কী আবোলতাবোল বকতেছিস! আরে, আমার ফোন থেকে ফেসবুকে লগ-ইন করা যাচ্ছে না। ফেসবুক, অপেরা মিনি দুইটা দিয়াই ট্রাই করতেছি।
: তাইলে তো বিরাট বিপদ! তোর ফোনটা কিছুক্ষণের মধ্যে বার্স্ট হওয়ার আশঙ্কা আছে!
হঠাৎ চোখে-মুখে আতঙ্ক এসে ভর করে ইমনের! সে বুঝতে পারছে না, কানে ধরা মোবাইল ফোনটা ফেলে দেবে কি না! তবু আমতা আমতা করে বলে, ‘দোস্ত, ফাইজলামি করিস ক্যান? ঠিক করে বল না, কী হইছে?’
: তুই থাকস কোন দুনিয়ায়? নাশকতা ঠেকাতে সরকার যে অনির্দিষ্টকালের জন্য ফেসবুক বন্ধ করে দিছে জানস না?
ইমনের মাথায় যেন ‘ঠাডা’ পড়ে! এর চেয়ে তার মোবাইল ফোন বার্স্ট হয়ে গেলেই তো ভালো ছিল!
ঘণ্টা খানেক পরেই ইমন আবার লগ-ইন করতে চেষ্টা করে! সুমিত তো বলেছিল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে। সেটা এক ঘণ্টাও তো হতে পারে। কিন্তু তার আশার গুড়ে বালি। এখনো লোডিং...! অস্থির বোধ করতে থাকে ইমন। আধঘণ্টা পর আবার চেষ্টা করে। কিছুতেই কিছু হচ্ছে না। পাশে বসা মেয়েটা ওর অস্থির ভাব দেখে বেশ কবার অদ্ভুত চোখে তাকিয়েছিল।
নাহ্, ইমনের আর সহ্য হচ্ছে না। এরই মধ্যে সে বেশ কয়েক জায়গায় ফোন দিয়ে জিজ্ঞেস করেছে, কখন ফেসবুক চালু হবে। কিন্তু কেউই তেমন কিছু বলতে পারল না। মনে মনে সে নাশকতাকারীদের চৌদ্দগুষ্টি উদ্ধার করে! এত চমৎকার ছবিগুলো শেয়ার করতে পারছে না, জগতে এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে! ভাবতে ভাবতে আরেক দফা চেষ্টা চালায় সে!
পাগলের মতো চেষ্টা করতে থাকে ইমন। যে করেই হোক, ওকে লগ-ইন করতেই হবে। হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো দেখায় ওকে! পাশের মেয়েটা এবার ওর অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। লোকটা পাগল-টাগল না তো? হঠাৎ মোবাইল ফোনটা ছুড়ে ফেলে পকেট হাতড়াতে থাকে ইমন! যা খুঁজছে পেল না। ব্যাগের মধ্যেও না। চোখ লাল করে মেয়েটার দিকে তাকাল! চিৎকার করতে গিয়েও থেমে গেল মেয়েটা। শুনতে পেল, জড়ানো কণ্ঠে ইমন কাগজ-কলম চাইছে। তড়িঘড়ি করে মেয়েটা এক টুকরো কাগজ আর একটা কলম দিল। খসখস করে কিছু লিখতে থাকল ইমন। খানিক বাদেই সেটা মেয়েটার দিকে বাড়িয়ে ধরল। মেয়েটা দেখল, ওপরে এক কোনায় ফেসবুকের লোগো! তারপর হিজিবিজি কিছু লেখা এবং সবার শেষে এক সারিতে একটু পরপর স্পেস দিয়ে লেখা ‘লাইক’, ‘কমেন্ট’, ‘শেয়ার’...! ইমন মরিয়া হয়ে মেয়েটাকে বলল, ‘একটা লাইক, প্লিজ...!’