একটি অনলাইন শপিং ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: রাকিব
আঁকা: রাকিব

পণ্য বেচাকেনার জন্য অনেক ধরনের ওয়েবসাইট আছে। সেগুলোর একটাতে আমি এখনো কোনো পণ্য কেনা তো দূরের কথা, বিক্রিও করতে পারিনি। এ ক্ষেত্রে দুটো কারণ আছে—এক. কেনার মতো আমার তেমন সাধ্য নেই, দুই. বিক্রির মতো তেমন কোনো পণ্যও নেই। তবে যেভাবেই হোক, এই অবস্থা থেকে বেরিয়ে এসে আমাকে উন্নতি করতেই হবে। কিন্তু কীভাবে করব? বিক্রি করার মতো কোনো পণ্য না থাকায় স্বভাবতই আমাকে কোনো কিছু কিনতে হবে। কিন্তু একজন কর্মযোগ্য তরুণ (মানে বেকার) হিসেবে আমি কীই-বা কিনতে পারি!

অবশেষে সুযোগ দরজায় কড়া নাড়ল। ভবিষ্যতের ডিল ডটকম থেকে কোনো পণ্য কিনে নিকাশে পেমেন্ট করলেই সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। এমনই এক বিজ্ঞাপন দেখে অনলাইনে কেনাকাটা শুরু করার স্বপ্ন দেখতে লাগলাম আমি।

কিন্তু কী কিনব? কিনলে ভালো কিছু কিনতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। যথারীতি ফোন করলাম সেই অনলাইন শপে।
: হ্যালো স্যার, বাপ্পি বলছি। আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
: জি ভাই, আপনাদের এখানে তো কেনাকাটা করে নিকাশে পেমেন্ট করলে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, তাই না?
: জি স্যার, আপনি ঠিক শুনেছেন। তো স্যার, আপনি কী ধরনের প্রোডাক্ট খুঁজছেন?
: ভাই, এই ছাড়ের মধ্যে কি মোটরসাইকেল হবে?
: সরি স্যার, আপাতত এ ধরনের কোনো প্রোডাক্টের ওপর আমরা ছাড়  দিচ্ছি না।

হলো না। আশাহত হয়ে ফোন রেখে দিলাম। তবে হাল ছাড়লাম না। আবারও একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। অবশেষে সুযোগ এল। তবে এবার সুযোগ নয়, প্রয়োজনটাই ছিল মুখ্য। সেটার পেছনে আসলে ভূমিকা ছিল পাশের বাসার তানিয়ার। তার ভূমিকা যেমন-তেমন হলেও ছোট ফাবিয়ার ভূমিকা ছিল আরও বেশি। ফাবিয়া হলো তানিয়াদের ছোট বিড়াল। ছোট হলেও তার চেঁচামেচি কিন্তু মোটেও ছোট ছিল না। অনেক দিন তার চেঁচামেচি সহ্য করেছি। হঠাৎ চেঁচামেচি বন্ধ হওয়ায় স্বস্তির নিশ্বাসও ফেলেছিলাম। তবে এবার দেখি, তানিয়ারা একটা কুকুরছানা এনেছে। এত দিন ছিল মিঁউ মিঁউ ডাক, আর এবার যুক্ত হলো ঘেউ ঘেউ। মিঁউ মিঁউ সহ্য করলেও এবার আর ঘেউ ঘেউ সহ্য করতে পারলাম না। অনেকটা বাধ্য হয়েই আবার ফোন করলাম অনলাইন শপে। এবার আর ছাড়ের জন্য নয়।

: হ্যালো স্যার, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?

: ভাই, আপনাদের এখানে কি বাঘ হবে, বাঘ?

ও পাশ থেকে কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর—

: সরি স্যার, আমরা এ ধরনের কোনো পণ্যের সেবা দিই না।

‘ও আচ্ছা!’ বলে ফোন রেখে দিলাম। এবারও হলো না। তবে অপেক্ষায় আছি, স্বপ্নপূরণের আরেকটা সুযোগের...।