একটি অনাকাঙ্ক্ষিত ক্রিকেট ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি হলে ২ নভেম্বর অভিযান চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর এই পুলিশি অভিযান চলে।

(সূত্র: প্রথমআলো, ২ নভেম্বর ২০১৫)

সাপ্তাহিক রস+আলো সংবাদে সবাইকে স্বাগত। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানাতে গিয়ে ২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রসংগঠনের দুই গ্রুপের মধ্যে যা ঘটেছিল, তা পাঠকদের জন্য রসেজমিনে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শাহাদাত হোসেন

সংঘর্ষের কারণ সম্পর্কে জানতে আমরা প্রথমেই কথা বলেছি বিশিষ্ট সংঘর্ষ-বিশেষজ্ঞ জনাব ঢিসুম বক্সের সঙ্গে। তিনি বলেন, ‘সংঘর্ষ প্রধানত দুটি কারণে হতে পারে। ১. সবুজ পাহাড়ে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শীতকাল আসার আগেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। সেদিন তেজহীন সূর্যের তাপ শীতের আমেজ দূর করার জন্য যথেষ্ট ছিল না। তাই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের শীতের কবল থেকে রক্ষা করতে ছাত্রসংগঠনের দুই গ্রুপ সংঘর্ষের মাধ্যমে ক্যাম্পাসে উত্তাপ ছড়িয়েছিল! ২. কবি বলেছেন, “আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে”। তাই ছাত্রসংগঠনের কর্মীরা কেবল কথা-কাটাকাটিতে নিজেদের সীমাবদ্ধ না রেখে কাজেও বড় হতে চেয়েছিলেন। যেহেতু কোনো কিছু করাকে কাজ বা ক্রিয়া বলে, সেহেতু সংঘর্ষও একধরনের কাজ!’

এদিকে প্রত্যক্ষদর্শী ক্রিকেটার রাইজু মিয়াও এই প্রতিনিধিকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। রাইজু মিয়া বলেন, ‘আসলে সেদিন দুই গ্রুপের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়! এক দল বল ছুড়ছিল আর প্রতিপক্ষ দল ব্যাট হাতে তা প্রতিহত করার চেষ্টা করছিল।’
আমরা আরও জানতে পারি, এক দলের কর্মীরা রান নেওয়ার জন্য দৌড়াতে শুরু করলে অন্য দলের কর্মীরা তাদের বল ছুড়ে আউট করার চেষ্টা করতে থাকে। তবে ব্যাটিংয়ের মাঝেই বল হাতে তুলে নেয় অন্য দল। তারাও বল ছুড়তে শুরু করে শরীরের সব শক্তি দিয়ে। ফলে দুই দলের ছোড়া বলের আঘাতে আহত হন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্রিকেট ম্যাচে অসদাচরণ ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য আম্পায়াররা বেশ কজনকে শাস্তিস্বরূপ জেলহাজতে প্রেরণ করেন। উল্লেখ্য, এই ক্রিকেট ম্যাচে বল হিসেবে ইটের টুকরো ও পাথর আর ব্যাট হিসেবে রামদা এবং অন্যান্য দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছিল!
আজকের মতো রস+আলো সংবাদের এখানেই সমাপ্তি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। তত দিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর রস+আলোর সঙ্গেই থাকুন।