
আমার সময়জ্ঞান নিয়ে কারও ভালো ধারণা থাকার কোনো কারণ নেই। টিউশনির টাকা জমিয়ে কেনা ডিজিটাল ঘড়িতে নয়টাকে ছয়টা ভেবে কত দিন ক্লাস বাদ গেছে তার ইয়ত্তা নেই। বন্ধুরা কোথাও যেতে বললে যদি বলি ‘আধা ঘণ্টা লাগবে’, লেগে যায় দেড় ঘণ্টা! সেখানে গিয়ে দেখা যায় অনেক আগেই আড্ডার পাট চুকিয়ে তারা যে যার মতো ফিরে গেছে। আর সুমনার সঙ্গে সময় নিয়ে ঝামেলা তো নিয়মিত ব্যাপার হয়ে গেছে।
: তোমার চেয়ে আমাদের বাসার বিড়ালের টাইম সেন্স ভালো।
: তোমাদের বিড়াল কি ঘড়ি দেখতে পারে?
: বাজে কথা রাখো। ঘড়ি থাকলেই হয় না। ও ঠিকই সময়মতো খায়, ঘুমায়। তোমার হাতে তো একখান স্বাস্থ্যবান ঘড়ি ঝুলছে। তাতে কিছু বদলেছে?
: এখনো বদলায়নি। তবে মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে!
: নিশ্চয় অশুভ কিছু?
: সেটাই তো ধরতে পারছি না। আগের ঘড়িটা মিনিট আর সেকেন্ডের কাঁটায় তালগোল পাকাত। এটা গন্ডগোল বাধাচ্ছে নয় আর ছয়ে। তবে প্রতিজ্ঞা করেছি, নয়-ছয় যাই উঠুক, আমি সেটাকে ছয় ধরে নেব।
২.
আজ চাকরির একটা ভাইভা দিতে যাব। সুমনার ধারণা, আমাকে দিয়ে চাকরিবাকরি দূরে থাক, চায়ের দোকানদারিও হবে না। কারণ, তাদেরও সময়মতো দোকানে বসতে হয়। এমন অপমানের জবাব দেওয়ার তাড়নায় সূর্য ওঠার সঙ্গে পাল্লা দিয়ে উঠে নিজেকে তৈরি করতে শুরু করেছি। চাকরিটা পেয়ে ওকে দেখিয়ে দিতেই হবে! নির্ধারিত সময়ের ঘণ্টা দুই আগে মেস থেকে বেরিয়ে বাসের জন্য লাইন দিয়েছি। মুঠোফোন বের করে সুমনাকে একটা মেসেজ দেব কিনা ভাবতেই কান ফাটানো হর্ন বাজিয়ে বাস এসে দাঁড়াল। জীবনে খুব কম দিনই এত সকালে বাসে চড়েছি। বেশির ভাগ দিনই ঠেলে-ঠুলে ভেতরে উঠতে হয়। অথচ আজ বাসের ভেতরটা কেমন খালি খালি লাগছে। পুরো একটা সিট দখল করে বসলাম। সকালে রাস্তাঘাট ফাঁকা থাকাই স্বাভাবিক। অথচ রাস্তায় গাড়ির সংখ্যা দেখে মনে হচ্ছে আজ সবাই আমার সঙ্গে ষড়যন্ত্র করে আগে আগেই রাস্তায় নেমেছে! কিছু দূর যেতেই লাল সিগন্যালে বাস থেমে গেল। দু-চার মিনিটেও জট ছাড়ছে না দেখে চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিলাম। ওটাই ছিল সর্বনাশের শুরু। ঘুম ভাঙল হেলপারের ডাকাডাকিতে। হন্তদন্ত হয়ে উঠে ঘড়ির দিকে তাকালাম। ভাইভার আর পঁচিশ মিনিট বাকি। চোখ কচলে জায়গা চেনার চেষ্টা করি। যে স্টপেজে নামার কথা, অনেক আগেই ছেড়ে এসেছি। হেলপারকে কিছু বলব কী, তার আগেই অপমান করে বসে।
: বাসের মধ্যে এমন মরার মতো কেউ ঘুমায় নাকি?
: আরে ভাই, ঘুম হাতের সুইচ নাকি যে টিপ মেরে ঘুমালাম আর জাগলাম।
: আমারে জ্ঞান দিতে হবে না, যেখানে যাওয়ার জলদি যান।
কথা সত্য। আমাকে জলদি পৌঁছাতে হবে। বাস বাদ দিয়ে এবার সিএনজিচালিত অটোরিকশা থামালাম।
: মামা, যাবা?
: মিটারে যামু না। দুই শ টাকা লাগব। গেলে উইঠা বসেন।
: কী বলো? বাসে গেলে তো ১০ টাকার বেশি লাগে না!
: তয় থামাইলেন ক্যান? আমি কি আপনের পায়ে ধরছি। বাসে গেলেই পারতেন।
কথা বাড়িয়ে লাভ নেই দেখে ‘আমার একটা চাকরির ভাইভা আছে, একটু তাড়াতাড়ি যাবেন’ বলে অটোরিকশায় উঠে পড়লাম। অটোরিকশার শুরুটা ভালো করলেও কিছু দূর গিয়েই সিগন্যালে আটকে গেল। মেজাজ হয়ে গেল তিরিক্ষি।
: এই রাস্তা ছাড়া আর কোনো পথ পেলেন না? জ্যামে আটকে বসে থাকলেন?
: আমারে ধমকান ক্যান? রাস্তা কি আমার সম্পত্তি? না আমি পিলেন (প্লেন) চালায়, ওপরে দিয়া যামু!
: আপনার প্লেন চালানো লাগবে না। আমাকে নামিয়ে দেন। হেঁটে যাব।
৩.
এখন আমার ভাইভা বোর্ডে জটিল-কঠিন প্রশ্ন মোকাবিলা করার কথা। অথচ বসে আছি চায়ের দোকানে! অটোরিকশা থেকে নেমে কিছুক্ষণ দ্বিধায় ছিলাম হেঁটে কোন দিকে যাব। শেষমেশ যানজটের কাছে পরাস্ত হয়ে ভাইভার চিন্তা বাদ দিয়ে উল্টো দিকে রওনা হলাম। সকাল থেকে এখনো পেটে কিছু পড়েনি, তাই রাস্তার পাশের টং দোকানে দাঁড়িয়ে পেটের মধ্যে কলা-রুটি চালান করে দিলাম। এখন হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ। হঠাৎ সুমনার কথা মনে পড়ল। মুঠোফোনে রিং হওয়ার সঙ্গে সঙ্গেই রিসিভ করল।
: তুমি কোথায়? ভাইভা শেষ?
: আমি দোকানে বসে চা খাচ্ছি। চা-টা খুব ভালো বানিয়েছে।
: ভাইভা কেমন হলো বলো। তোমাকে খুব নির্ভার লাগছে। তার মানে ভাইভা ভালো হয়েছে? চাকরিটা যদি হয়েই যায় তবে...
: সুমনা, আমি ভাইভা দিতে যেতে পারিনি। যানজটে আটকে গেছিলাম। তুমি তো জানো...
ও পাশ থেকে নিঃশব্দে কল কেটে দিল সুমনা। কিছুক্ষণ পর মুঠোফোনে মেসেজ এল। যথেষ্ট সাহস সঞ্চার করে সেটা পড়লাম, ‘যানজটে যেমন তোমার ভাইভা আটকে গেছে, আজ থেকে তেমনি আমাদের সম্পর্ক আটকে গেল। সিগন্যাল পাল্টাতে পারে, কিন্তু আমার মন বদলাবে না।’
কতক্ষণ হাঁ হয়ে ছিলাম জানি না। সংবিৎ ফিরল দোকানদারের তাড়ায়, ‘এভাবে খাড়ায়া থাকলে অন্য কাস্টমারের কী হবে? আপনি তো মিয়া জ্যাম লাগায়া দিলেন!’