একটি অ্যাপ সমাজ বদলে দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের দেশের ছেলেমেয়েদের মেধা আছে, তোমরা সেই মেধাকে কাজে লাগিয়ে চেষ্টা করলে অবশ্যই সফলতা দেখতে পাবে৷’ ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এর বিশ্ববিদ্যালয় আয়োজনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত সেমিনারে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন৷ তরুণ প্রোগ্রামার ও অ্যাপস নির্মাতাদের জন্য এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলো এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

সেমিনারে আরও বক্তব্য দেন এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন, তড়িৎ​ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহাইল হোসেন খান, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান কর্নেল এ বি এম হুমায়ূন কবির এবং প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান৷

সেমিনারে ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, ‘একটি অ্যাপ সমাজকে পরিবর্তন করতে পারে। আমরাও এমন একটি অ্যাপ খুঁজছি, যা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া যাবে।’

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অ্যাপ তৈরির নানা বিষয়ে জানানো হয়। এমআইএসটির শিক্ষার্থী শাহরীমা জান্নাত প্রথম আলোকে বলেন, ‘জনসেবা ও সাধারণ মানুষের কাজে লাগে স্মার্টফোনের জন্য এমন অ্যাপ তৈরির ধারণা নিয়ে কাজ করছি৷ সমসাময়িক বিষয় নিয়েই অ্যাপ বানাতে চাই।’

সেমিনারের শেষে ছিল একটি কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নিবন্ধিত হয়ে অংশ নেওয়ার ও ধারণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট।

বিস্তারিত: www.eatlapps.com।

রাহিতুল ইসলাম