একটি ছবি হাজার শব্দের গল্প

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে ‘৭১-এর দ্রোহ: কার্টুনে মুক্তিযুদ্ধ’ শীর্ষক মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কার্টুনের অনুলিপি প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ১৮ ও ১৯ ডিসেম্বর চলে এই প্রদর্শনী। ইনফিউশন কালচারাল ক্লাব অব আইবিএ, জেইউ-এর সহযোগিতায় প্রদর্শনীর তত্ত্বাবধানে ছিলেন শিল্পী এম এম ময়েজউদ্দিন ও কার্টুনিস্ট তন্ময় শুভ্র।
এ ছাড়া এ প্রদর্শণীতে যেসব কার্টুনিস্টের কার্টুন প্রদর্শিত হয় তাঁরা হলেন, মেহেদী হক, জুনায়েদ আজীম চৌধুরী, নাসরিন সুলতানা মিতু, সাদাত, নিয়াজ চৌধুরী তুলি প্রমুখ।
১৮ ডিসেম্বর বিকেল চারটায় জাতীয় পতাকা উত্তোলন করে ও রাজাকারের চিহ্ন সংবলিত হাঁড়ি ভেঙে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি এম এ মতিন। উপস্থিত ছিলেন দেশবরেণ্য কার্টুনিস্ট আহসান হাবীব। বর্তমান সময়ে কার্টুন চর্চার গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি তাঁর বক্তব্যে। আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি আফসার আহমেদ, চারুকলা বিভাগের সভাপতি আমিনুল ইসলাম।
দুই দিনব্যাপী অনুষ্ঠানটি ছিল প্রাণপ্রাচুর্যে ভরপুর। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা মুগ্ধ চোখে দেখেন পুরো আয়োজন। মন্তব্য খাতায় আসে হাজার মন্তব্য। প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কাব্য বলেন, শোষণ-নিপীড়ন আর আমাদের প্রতিবাদ যে এত সুন্দরভাবে কার্টুন ফুটিয়ে তুলতে পারে, তা দেখেই ভালো লাগছে। এ রকম আয়োজন আরও নিয়মিত করা উচিত।