একটি প্রায় ভেঙে যাওয়া সমিতিরগল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সম্প্রীতির জন্য মানুষ কী না করে! আমাদের পাড়ায় পাশাপাশি সাতটা পরিবার থাকে। তারা ভাবতে শুরু করল, একসঙ্গে থাকা হচ্ছে যখন, তখন পারস্পরিক সুখ-দুঃখে একে-অপরের অংশীদার হওয়া। আর যেমন ভাবা তেমন কাজ! তখনই কার মাথা থেকে যেন বুদ্ধি বের হলো, সাতটা পরিবার মিলে একটা সমিতি করবে। নামও একটা ঠিক হয়ে গেল, ‘পারস্পরিক সাহায্য-সহযোগিতা সমিতি’। এমনকি সবাই মিলে একটা একতলা টিনের চালার মতো ঘরও বানিয়ে ফেলল। এরপর সবাই যেন নিশ্চিন্ত। এখন থেকে এক পরিবারের বিপদে আরেক পরিবারকে পাওয়া যাবে। এক পরিবারের সুখে-দুঃখে আরেক পরিবার এগিয়ে আসবে। কদিন পর ওই সমিতিতে নতুন আরেকটা পরিবারও যুক্ত হলো।
সুখে দিন কাটে আট পরিবারের। পাড়ার সবাই মিলে উৎসব-আনন্দ করে, মাসে একবার করে সব পরিবারের কর্তাব্যক্তিরা মিলে একটা মিটিংয়েও বসেন যেকোনো এক পরিবারের উদ্যোগে। সেখানে সবাই উপস্থিত থাকেন। সমিতির মিটিং যে পরিবার আয়োজন করে, সেই পরিবারের কর্তা হন এর সভাপতি। তাঁদের মধ্যে সম্প্রীতি এতই দারুণ যে কোনো একজন কর্তা অনুপস্থিত থাকলেই মিটিং ক্যানসেল। পাড়ার উন্নতির জন্য যা যা করা প্রয়োজন, তার সিদ্ধান্ত নেন সবাই মিলে। মাঝেমধ্যে আবার ফুটবল খেলাও হয় পাড়ার মাঠে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। যে দল জেতে, তাদের জন্য থাকে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা। সব মিলিয়ে ভালোই যাচ্ছিল আট পরিবারের দিন।

ঝামেলা বাধল ধীরে ধীরে। আট পরিবারের সমিতির মধ্যে একটা পরিবার আছে, যারা বিভিন্ন ওলটপালট জিনিস দাবি করে বসে! তাদের পাশের বাসার মেয়ের বিয়ে কার সঙ্গে হলো, ছেলে কী চাকরি করছে, কত টাকা বেতন পাচ্ছে, তা নিয়েও তাদের মাথাব্যথার শেষ নেই! এ নিয়ে শুরু হয় দুই পরিবারের মধ্যে মন-কষাকষি। অভিযোগকারী পরিবারের দাবি, তাদের কিছু বিষয়-আশয় নিয়ে ওই পরিবারের এত মাথাব্যথা কেন! কিন্তু অভিযুক্ত পরিবারের স্বভাব বরাবরই এ রকম। কোন বাসায় কাদের মধ্যে কী হচ্ছে না-হচ্ছে, তা নিয়ে তাদের মাথাব্যথার শেষ নেই। কোনো পরিবারের ছেলে বখে গেল, তা নিয়েও তাদের চিন্তা করতে হয়। কিন্তু নিজেদের ঝামেলা আরও বেশি। অন্যদিকে অভিযুক্ত পরিবার আর অভিযোগকারী পরিবারের মধ্যে আছে একটা আমগাছ। খুব মিষ্টি আম ধরে সেই গাছে। সেই আম কে নেবে, তা নিয়ে ধুন্ধুমার অবস্থা! পারলে তো যুদ্ধই লেগে যায় যেন! ওই আমগাছের নিচে গিয়ে দুই পরিবার দাঁড়িয়ে থাকে। গাছ থেকে একটা আম নিচে পড়লেই নিজেদের ঝুলিতে ভরে ফেলবে—এই আশায়।

এই ঝগড়ার প্রভাব পড়ে বাকি পরিবারগুলোর ওপরও। সামনে একটা মিটিং আছে, সেটা আয়োজন করার কথা ওই ঝামেলাযুক্ত পরিবারটার। ইতিমধ্যেই নাকি তিন-চারটি পরিবার জানিয়ে দিয়েছে, তারা ওই মিটিংয়ে যাবে না। এদিকে এখন আর ফুটবল খেলাও হয় না পাড়ার মাঠে। সমিতির আর কোনো কাজকর্মও চোখে পড়ে না।

সমিতির ঘরটা খালি পড়ে থাকে, পারস্পরিক সাহায্য-সহযোগিতা সমিতির সাইনবোর্ডটার লেখাগুলোও এখন অস্পষ্ট। সাহায্য না পেতে পেতে কোন দিন যেন খসে পড়ে যাবে!