একটি রাজনৈতিক আলাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

বিকেলবেলায় হাঁটতে হাঁটতে চাচা-ভাস্তে আলাপ করছে—
ভাস্তে: সরকার তো ক্ষমতা ছাড়তেই চায় না!
চাচা: ক্ষমতা ছাড়বে কেন? ক্ষমতাই তো সব।
ভাস্তে: কিন্তু বিরোধী দল তো তা চায় না।
চাচা: চাইবেই বা কেন? সরকার মগের মুল্লুক পেয়েছে নাকি?
ভাস্তে: এ জন্য বিরোধী দল বারবার হরতাল দেয়।
চাচা: ঠিকই তো আছে, হরতাল দেবে না তো কি চুপ করে বসে থাকবে?
ভাস্তে: কিন্তু হরতালে তো দেশের অনেক ক্ষতি হয়।
চাচা: অবশ্যই ক্ষতি হয়। হরতাল তো খুবই খারাপ জিনিস।
ভাস্তে: হরতালে পিকেটাররা ভাঙচুর করে, ককটেল ফোটায়, আগুন দেয়।
চাচা: তো হরতালে ভাঙচুর করবে না তো কি রাস্তায় বসে লুডু খেলবে?
ভাস্তে: হরতালকারীদের পুলিশ দৌড়ানি দেয়, গুলি করে।
চাচা: গুলি করবে না তো কি আদর করে লজেন্স খাওয়াবে? বিশৃঙ্খলা করলে তো পুলিশ দৌড়ানি দেবেই।
ভাস্তে: হরতালে জানমালের অনেক ক্ষতি হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
চাচা: কাজের কাজ হবে কী করে? যাদের বিরুদ্ধে হরতাল দেয় বা যারা দেয়, তাদের তো আর কোনো ক্ষতি হয় না।
ভাস্তে: তবু তো হরতাল দেওয়া বন্ধ হয় না।
চাচা: বন্ধ হবে কেন? হরতাল দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় আছে?
ভাস্তে: সরকারি দল তো বিরোধী দলকে তোয়াক্কাই করে না!
চাচা: করবেই বা কেন? সরকারি দলের একটা ওজন আছে না!
ভাস্তে: বিরোধী দলও তো কোনো ছাড় দিচ্ছে না।
চাচা: ছাড় দেবে কেন? সরকারি দল যা ইচ্ছা তা-ই করবে আর তারা বসে আঙুল চুষবে?
ভাস্তে: দুই দলের মধ্যে সমঝোতা হওয়া খুব দরকার।
চাচা: অবশ্যই দরকার। সমঝোতা হলেই সব সমস্যার সমাধান হবে।
ভাস্তে: কিন্তু সমঝোতার তো কোনো লক্ষণ নেই!
চাচা: লক্ষণ থাকবে কী করে? সমঝোতা হওয়ার মতো কোনো পরিবেশ আছে কি?
ভাস্তে: সংলাপের বিকল্প নেই।
চাচা: অবশ্যই বিকল্প নেই। এটাই সবচেয়ে কার্যকর পন্থা।
ভাস্তে: কিন্তু সংলাপ হচ্ছে না কেন?
চাচা: সংলাপ হচ্ছে না কেন, তার আমি কী জানি? তোর কথায় কি দেশ চলবে নাকি?
ভাস্তে: সরকারি দল থেকে সংলাপের উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন?
চাচা: কেন নেওয়া হবে? বিরোধী দলের কোনো কাজ নেই? তারা উদ্যোগ নিতে পারে না?
ভাস্তে: বিরোধী দলও তো সহযোগিতা করছে না।
চাচা: কেন করবে? সরকারি দলের কাছে তাদের কথার কোনো দাম আছে?
ভাস্তে: এভাবে চলতে থাকলে তো সংঘাত অনিবার্য!
চাচা: সংলাপ না হলে তো সংঘাত হবেই, এতে আশ্চর্য হওয়ার কী আছে?
ভাস্তে: এর কি কোনোই সমাধান নেই?
চাচা: কেন থাকবে না? সব সমস্যারই সমাধান আছে।
ভাস্তে: কিন্তু কী সেই সমাধান?
চাচা: ওরে বুদ্ধু! সমাধান জানলে কী আর তোর সঙ্গে এসব ফাউল প্যাঁচাল পাড়ি? এবার অফ যা!
(জসীমউদ্দীনের ‘রহিমুদ্দির ভাইয়ের বেটা’ গল্প অবলম্বনে)