একটি সবুজ কারখানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাংয়ে ডেলের কারখানার প্রবেশ পথ। ছবি: লেখক
পেনাংয়ে ডেলের কারখানার প্রবেশ পথ। ছবি: লেখক

৫০ মিনিটের ফ্লাইট। কুয়ালালামপুর থেকে আকাশে ওড়ার পর নিচে অনেকক্ষণ ধরে দেখা গেল পাম বাগান, নদী-নালা, লালমাটির সবুজ প্রকৃতি। তারপর মেঘের ওপরে কিছুক্ষণ। এরপর বিমানের অবনমন। জানালা দিয়ে তুলো তুলো মেঘের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে গাঢ় সবুজ সাগর। বিমান নামছে, সাগরের বুকে ইতিউতি টিলার মতো দ্বীপ, স্থানীয় নৌযান—দেখতে দেখতেই পানি সরে গিয়ে কংক্রিটের কর্কশ রানওয়ে। আমরা পৌঁছে গেলাম পেনাংয়ে।
মালয়েশিয়ার পেনাং বিমানবন্দরটা ছোটখাটোই। তবে ইস্পাতের কাঠামোটা আধুনিক। বাইরে চোখ মেলে তাকালেই সবুজ পাহাড়। পাহাড় কেটে যেন সেটাই বসিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর। আমাদের গন্তব্য জর্জ টাউন। ব্রিটিশ, ফরাসি আর পর্তুগিজ উপনিবেশ ছিল একসময়। দালানকোঠার স্থাপত্যশৈলীও তাই মনে করিয়ে দেয়। ইন্টারনেট ঘেঁটেঘুঁটে আগেই জানা হয়েছিল, পেনাং দ্বীপটায় শিল্পাঞ্চল গড়ে তুলেছে মালয়েশিয়া সরকার। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সুযোগ-সুবিধাও দিচ্ছে প্রচুর। জর্জ টাউনের পথে যেতে যেতেই রাস্তার দুই পাশে চোখে পড়ল বেশ কয়েকটি প্রযুক্তি কারখানা। পেনাং ভ্রমণে আমাদেরও উদ্দেশ্য কারখানা দেখা। সেটা বিশ্বখ্যাত ডেল কম্পিউটারের গ্রিন ফ্যাক্টরি। ডেল বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এই আয়োজন।
৩০ ডিসেম্বর আমরা গিয়ে পৌঁছি পেনাংয়ে। মালয়েশিয়ার অঙ্গরাজ্য পেনাং দ্বীপের রাজধানী জর্জ টাউনে আমাদের অস্থায়ী আবাস। ডেলের কারখানা দেখার নির্ধারিত দিন ৩১ ডিসেম্বর। সেটা পেনাংয়ের মূল ভূখণ্ডে। সেখানে যেতে পাড়ি দিতে হবে সাগর। তবে কোনো নৌযানে উঠতে হলো না। গাড়িতেই পেরোতে হলো সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ সেতু। আমরা যাচ্ছি ডেলের কর্মকর্তা উয়েন্ডির গাড়িতে। উয়েন্ডি জানালেন, দ্বিতীয় সেতুর কাজ প্রায় শেষ, শিগগিরই চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সেটার দৈর্ঘ্য আরও বেশি, ২২ কিলোমিটার।
খটখটে রোদে পেনাংয়ের পাহাড়-সাগর দেখতে দেখতে পৌঁছে গেলাম বুকিত তেনগাহ্। এখানেই ডেলের কারখানা। পেনাংয়ের বায়ান লেপাসে ১৯৯৫ সালে প্রথম চালু হয় ডেলের কারখানা। ২০০১ সালে সেটা চলে আসে মূল ভূখণ্ডের এই জায়গায়। কদিন আগেই ছিল বড়দিন। আমরা যেদিন গেলাম তার পরদিন ইংরেজি নববর্ষ। তাই বড়দিন আর নববর্ষের ছুটির রেশ কারখানাতেও। অনেকেই আছেন ছুটিতে। তবে কাজ চলছে কারখানায়।
বিশাল জায়গা নিয়ে ডেলের এই কারখানা। মূল কারখানার আশপাশে অনেকখানি জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ি, বাইক রাখার আলাদা ব্যবস্থা। আমরা জড়ো হই মূল কারখানার ফটকে। বাংলাদেশ থেকে আমাদের দলটা ছোট নয়। এই প্রতিবেদকসহ সাংবাদিক আটজন: ভূঁইয়া ইনাম লেনিন, শহীদুল কে কে শুভ্র, এম এ হক, মুহাম্মদ খান, মোজাহেদুল ইসলাম, তরিক রহমান ও মেহেদী হাসান। সঙ্গে ডেল বাংলাদেশের চারজন কর্মকর্তা—প্রতাপ সাহা, মো. আতিকুর রহমান, বি এম আজাদ ও মাহমুদ বিন কাইয়ুম। তাই ফটকের নিরাপত্তা পেরোতে পেরোতে হয়ে গেল মধ্যাহ্ন বিরতির সময়। আমাদের স্থান হলো ক্যানটিনে। শ্রমিকদের খেতে দেখা গেল। ব্যবস্থা খারাপ না, ক্যানটিনে এসে রিঙ্গিত দিয়ে টোকেন নিয়ে খাওয়ার ব্যবস্থা।
বিরতি শেষ হওয়ার পর ঢোকা গেল কারখানার ভেতর। পেনাংয়ের এ কারখানাটা মূলত যন্ত্রাংশ সংযোজন করে পুরো কম্পিউটার তৈরি করার কারখানা। এককথায়, এদিক দিয়ে যন্ত্রাংশ ঢুকে ওদিক দিয়ে পুরো কম্পিউটার হয়ে বেরিয়ে যায়। স্বাভাবিকভাবেই পুরো প্রক্রিয়াটায় স্বয়ংক্রিয় ব্যবস্থাই বেশি। তবে মানুষের কাজও কম নয়। হার্ডডিস্ক লাগানো, মাদারবোর্ড লাগানো, পরীক্ষা করা—এসবের জন্য তো মানুষ লাগেই। স্থানীয় যেমন আছেন, তেমনি বিদেশি শ্রমিকেরাও কাজ করেন এখানে। বাংলাদেশেরও কিছু শ্রমিক রয়েছেন। তবে ছুটির কারণে তেমন কাউকে চোখে পড়ল না। আলমগীর নামে শুধু একজনের দেখা মিলল। এক বছরও হয়নি তাঁর চাকরিজীবন। এ কারখানায় নয় ঘণ্টার শিফট একেকটা। ভোর ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত। দক্ষ শ্রমিক হলেই কাজ করা যায়। হাতে পরতে হয় একটা দস্তানা আর লাগাতে হয় একটা বিশেষ ফিতা, যাতে শরীরের স্থিরবিদ্যুৎ স্পর্শকাতর যন্ত্রপাতিতে প্রবাহিত না হয়, সে জন্য এই বিশেষ ফিতা।
কারখানার ম্যানুফ্যাকচারিং অপারেশন ইঞ্জিনিয়ার মুক উই চ্যাং আমাদের বোঝাতে থাকেন পুরো প্রক্রিয়া। জানালেন, এ কারখানায় ডেস্কটপ কম্পিউটার ও কম্পিউটার সার্ভার তৈরি করা হয়। বললেন, ‘ডেলের বিভিন্ন অফিস থেকে চাহিদা আসে আমাদের কাছে। সেই চাহিদায় থাকে কেমন কম্পিউটার বা কেমন সার্ভার হবে। সে অনুযায়ী নির্দিষ্ট প্রস্তুতকারকের কাছ থেকে মাদারবোর্ড, কেসিং, র‌্যাম, হার্ডডিস্ক ইত্যাদি যন্ত্রাংশ আসে। এই যন্ত্রাংশগুলো ডেলের চাহিদা অনুযায়ী তৈরি হয়। এরপর এখানে পুরো সংযোজনের কাজ হয়।’ এখন এ কারখানায় সার্ভার আর অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটার তৈরি হচ্ছে। অল-ইন-ওয়ান কম্পিউটারটি দেখে মনে হবে, শুধু একটা মনিটর বুঝি। কিন্তু এর মধ্যেই আছে সব—শক্তিশালী এক কম্পিউটার।
ক্লাউড প্রযুক্তিনির্ভর কাজকর্মের প্রসার ঘটছে দুনিয়াজুড়ে। তাই সার্ভারের চাহিদা বাড়ছে দিন দিন। পেনাংয়ের এ কারখানায় ডেলের বিখ্যাত ব্লেড সার্ভার তৈরি হতে দেখা গেল। বিশাল র‌্যাকে পাতলা পাতলা আকারের একেকটা কম্পিউটার ঢুকে যায়, তৈরি হয় শক্তিশালী সার্ভার। সেই ব্লেডকে আরও ছোট, আরও কার্যকর করে তোলা হচ্ছে। একটা ছোটখাটো বাক্স দেখা গেল। ডেলের কর্মী শন জানালেন, এতে আটটা পুরো ব্লেড আঁটানো যায়। আধা ব্লেড ১৬টা আর সিকি ব্লেড ৩২টা। যে যেভাবে চায়। এতে কম জায়গায় সার্ভারের শক্তি বাড়ানো যায়।
ডেলের এই কারখানা থেকে বাংলাদেশ, ভারত, দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ এই অঞ্চলের ৩০টি দেশে কম্পিউটার সরবরাহ করা হয়। কারখানার এক পাশের দেয়ালে অনেকগুলো শাটার দেখা গেল। এর মধ্যে কয়েকটি খোলা। কিন্তু ভেতরটা গুহার মতো। আসলে শাটারের ওপারে এসে দাঁড়ায় কনটেইনারবাহী ট্রাক। কম্পিউটার বা সার্ভার তৈরির পর কাগজের কার্টনে প্যাকেট হয়ে সরাসরি উঠে পড়ে কনটেইনারে—এরপর জাহাজের খবর।
ডেলের এ কারখানার অনেকখানিই ফাঁকা। সবুজ ঘাস, বড় বড় গাছ—অবারিত প্রকৃতি। প্রথম প্রথম মনে হয়েছিল, এ কারণেই এর নাম বুঝি গ্রিন। তবে গ্রিন হতে আরও কিছু বিষয় লাগে, যা করেছে মাইকেল ডেলের এই প্রযুক্তি প্রতিষ্ঠান। এ কারখানায় কার্বন বা তাপ নির্গত হওয়ার হার শূন্য শতাংশ। এতে ব্যবহূত সব ধরনের কার্টন, কাগজ, প্লাস্টিক, প্লেট ইত্যাদি পুনঃপ্রক্রিয়া করে আবার ব্যবহার করা হয়, যতটুকু সম্ভব। তাই তো একে বলা হচ্ছে সবুজ কারখানা।