আজকালকার ছেলেপুলেদের জন্য আমার মাঝেমধ্যে বড় দুঃখ হয়! তারা কেবল আমার নামটাই শুনেছে, আসল রূপের কিছুই দেখেনি। দুঃখ কি নিজেরও কম কিছু? বলা নেই, কওয়া নেই, দুম করে আমার নাম বলে খালাস! আরে বাবা, নামটার তো একটা ওজন আছে, নাকি? কোত্থেকে না কোত্থেকে বলে দিলেই হলো, সামনের এক সপ্তাহ সকাল-সন্ধ্যা হরতাল। অথচ রাস্তাঘাটে এর চিহ্নমাত্র নেই। সবাই দিব্যি হেসেখেলে ঘুরে বেড়াচ্ছে, রোজকার অফিস হচ্ছে, দোকানপাট সব খোলা। আমার তো চোখ কপালে উঠে যায়, মোড়ে মোড়ে পর্যন্ত যানজটে মানুষ জেরবার। দুঃখের কথা কী আর বলব, আমার নাম নিয়ে এ রকম তামাশা কি না করলেই নয়? কোথায় একটু নাম শুনলে মানুষজন সমঝে চলবে, তা না। বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত ভিড়ে গমগম করছে। ছি ছি, এই বুড়ো বয়সে এখন আর মুখ দেখানোর উপায় নেই। তা–ও এক–দুই দিন নয়, টানা তিন তিনটে মাস। প্রতিদিন ভাবি, আজ বোধ হয় একটু জিরানোর ফুরসত হবে, এবার বোধ হয় একটু শান্তিতে ভাতঘুম দেওয়া যাবে। কিসের কী, প্রতিদিনই একই তামাশা। না পারি কিছু বলতে, না পারি সইতে। তা–ও ভালো, গত সপ্তাহে এসে একটু সুবুদ্ধির উদয় হয়েছে তাঁদের। সেটাও কদিন থাকে কে জানে! কদিন পরই হয়তো আমাকে নিয়ে আবার ঠাট্টা–তামাশা করার ইচ্ছা হবে।
এখন বললে হয়তো রূপকথার মতো শোনাবে, কী দিন গেছে একসময়! আমার নাম বললে মানুষ রাস্তাঘাটে বেরোতে দুবার ভাবত। এখনকার মতো গায়ে হাওয়া লাগিয়ে অফিস-আদালতে যাওয়ার কোনো উপায় ছিল না তখন। বাস-ফাস কিচ্ছু চলত না, যাওয়ার একমাত্র উপায় ছিল রিকশা। সেটাও পেতে কত ঝক্কি! এই যে সাকিব, মাশরাফিদের নিয়ে এত জয়জয়কার, তাতে কি আমার অবদান কম কিছু? আমার ভরাযৌবনে তো এরাই রাস্তাঘাটে দুদ্দার করে ক্রিকেট খেলত। মাঠ না পেয়ে কত ছেলেপুলে রাস্তায় ব্যাট-বল নিয়ে নেমে যেত। বাধা দেওয়ার কেউ নেই, বল হারিয়ে যাওয়ার ভয় নেই, খেলো ইচ্ছামতো! কিছু দুষ্ট লোক অবশ্য রাস্তায় বেরিয়ে টায়ার পোড়াত, পুলিশের সঙ্গে একটু রগড় করার চেষ্টা করত। আমি আর কী করব বলো, সয়ে যাওয়া ছাড়া আমার আর উপায় কী? কিন্তু তার পরও তো সান্ত্বনা ছিল, এখনকার মতো কেঁচোর জীবনযাপন করতে হতো না, সিংহের মতো হুংকার ছেড়েই বাঁচতাম। আমি অবশ্য ওসব দিনের কথা ভেবে আর আফসোস করি না। যা যাওয়ার তা গেছে, কিন্তু এই বুড়ো বয়সে এত টানাহেঁচড়া কি সয়? কবে যে এসব থেকে মুক্তি পেয়ে শান্তিতে ঘুমোব, কে জানে!