একটুখানি অণুজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র অস্তিত্বের সমন্বয় ঘটিয়ে অসাধ্য সাধন করতে পারে অণুজীব
ক্ষুদ্র অস্তিত্বের সমন্বয় ঘটিয়ে অসাধ্য সাধন করতে পারে অণুজীব

১৬৭৫ সালে নেদারল্যান্ডসের বিজ্ঞানী অ্যান্টনি ভন লেভেনহুক বানিয়ে বসলেন মাইক্রোস্কোপ নামের এমন এক যন্ত্র, যার লেন্স দিয়ে খুদে জিনিসকে অনেক অনেক গুণ বড় দেখা যায়! আর এই যন্ত্রের মধ্য দিয়ে তিনি দেখলেন, এক ফোঁটা পানির ভেতর দিব্যি ঘুরে বেড়াচ্ছে কী সব জীবজন্তু, খালি চোখে যাদের দেখাই যায় না! এভাবেই উদ্ঘাটিত হলো এক অদৃশ্য জগতের রহস্য, যে জগতের জীবদের বলা হয় অণুজীব। আর এই অণুজীব নিয়ে অধ্যয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের শিক্ষার্থীরা। জৈবপ্রযুক্তির এ যুগে দেশে-বিদেশে অণুজীববিজ্ঞানের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে বিভাগটি। মোকাররম ভবনের সায়েন্স কমপ্লেক্সের নিচতলা এবং দোতলাজুড়ে অবস্থিত এ বিভাগে ক্লাসরুমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত ল্যাবরেটরির সুবিধা।

বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিয়া বলেন, ‘ইচ্ছা ছিল লাইফ সায়েন্স নিয়ে পড়ব, অণুজীববিজ্ঞানে পড়তে পেরে আমার সে আশা পূর্ণ হয়েছে।’ একই বর্ষের সাদিয়া জানাচ্ছিলেন তাঁর প্রথম ব্যাকটেরিয়া দর্শনের গল্প, ‘মাইক্রোস্কোপের নিচে ব্যাকটেরিয়া দেখে মনে হচ্ছিল, এই পুঁচকে জিনিসগুলো কীভাবে মানুষকে কাবু করে ফেলে!’

অণুুজীবের পাশাপাশি এই বিভাগের শিক্ষার্থীদের জানতে হয় রসায়ন, প্রাণরসায়ন, ইমিউনোলজি, জিনতত্ত্বের মতো কঠিন বিষয়গুলো। পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে করতে হয় অনেক ব্যবহারিক ক্লাসও। ‘পড়া জমিয়ে না রেখে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করলেই ভালো ফল করা যায়’, বলছিলেন তৃতীয় বর্ষের ছাত্র রহমত আলী।

শুধু পড়াশোনাই নয়, নবীনবরণ, শিক্ষাসফর আর বাংলা নববর্ষ উপলক্ষে পান্তা উৎসবেরও আয়োজন করে সংস্কৃতিমনা অণুজীব-পরিবার।

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল অণুজীববিজ্ঞানের কাজের সুযোগ, সম্ভাবনা ও সফলতার কথা। ‘অণুজীববিজ্ঞানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করপোরেট চাকরিজীবনের দেখা মিলবে না ঠিক, কিন্তু মিলবে গবেষক এবং বিজ্ঞানী হওয়ার অপার সুযোগ।’ বলছিলেন আনোয়ার সিদ্দিকী, যিনি রোগ নির্ণয়ে দ্রুততর পদ্ধতি আবিষ্কারের চেষ্টায় এগোচ্ছেন সফলতার পথে। ‘রোগ নির্ণয় কিংবা ওষুধ, খাদ্য ও চর্মশিল্পের মান নিয়ন্ত্রণে অণুজীববিজ্ঞানীদের ভূমিকা অনেক। আর গবেষণা ও শিক্ষকতার সুযোগ তো রয়েছেই।’ বলছিলেন শান্তনু কুমার।

এ বিভাগে রয়েছে আধুনিক ল্যাবরেটরি। কোনো ল্যাবে চলছে বাংলাদেশের প্রেক্ষাপটে গরুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস রোগের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা, কোনো ল্যাবে হচ্ছে অণুজীব থেকে দরকারি এনজাইমের শিল্পোৎপাদনের চেষ্টা। আর্সেনিক দূষণের হাত থেকে বাঁচাতে ব্যাকটেরিয়ার ভূমিকা নিয়েও চলছে জোর গবেষণা।

বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম খান বলেন, ‘মাইক্রোবায়োলজি ভীষণ মজার বিষয়। তবে অণুজীবের অনেক অজানা রহস্য আজও আমাদের আবিষ্কারের বাইরেই রয়ে গেছে। এ বিষয়ে তাই গবেষণার সুযোগও অনেক।’ কাজেই ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার গৎবাঁধা লক্ষ্য থেকে বেরিয়ে ব্যতিক্রমধর্মী অণুজীবজগতে হারিয়ে যাওয়ার সময় এখনই।