
তীব্র গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ফ্যান চালিয়েও যেন গরমের কাছে আমরা পরাস্ত। আর যাঁরা শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র মানে এয়ারকন্ডিশনার কিনতে পারছেন না, তাঁরা গরমে এয়ারকুলার কিনতে পারেন। বর্তমানে বাজারে বেশ কিছু ব্র্যান্ডের এয়ারকুলার পাওয়া যায়।
এয়ারকুলারের দরদাম
দামের তারতম্যের ভিত্তিতে দেশের বড় বড় ইলেকট্রনিকসের দোকানে খোঁজ নিলেই পেয়ে যাবেন বিভিন্ন আকারের এয়ারকুলার। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট, গুলশান-২ ডিসিসি মার্কেট, মিরপুর-১০ গোলচত্বর, নিউমার্কেটের বিভিন্ন ইলেকট্রনিকসের দোকান থেকে কিনতে পারবেন আপনার পছন্দের এয়ারকুলারটি। ইলেকট্রো মার্ট লিমিটেডের বিভিন্ন শোরুমে সিম্ফোনি ও হানিওয়েল ব্র্যান্ডের বিভিন্ন সাইজের এয়ারকুলার পাওয়া যায়। ঢাকার বীর উত্তম সি আর দত্ত রোডের ইলেকট্রো মার্টের শোরুম ইনচার্জ এ এস এম শামসুল বারী বলেন, ‘সাধারণত ঘরের আকারের ওপর নির্ভর করেই এয়ারকুলার কেনেন গ্রাহকেরা। তবে এয়ারকুলার যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়, তাই সব জায়গায় ব্যবহার করা যায়।’
ব্র্যান্ড ও নন-ব্র্যান্ড দুই ধরনের এয়ারকুলার পাওয়া যায় বাজারে। হানিওয়েল ব্র্যান্ডের বেশি ক্ষমতার এয়ারকুলারের দাম পড়বে ১৬ হাজার ৫০০ টাকা। ৩২০ বর্গফুট জায়গায় কাজ করতে পারে হানিওয়েল সিএল৩০এক্সসি মডেলের এই কুলারটি। ৩০ লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন এই এয়ারকুলার আট ঘণ্টা পর্যন্ত ঘরকে ঠান্ডা রাখে। পানি কমে এলে বিশেষ অ্যালার্মের মাধ্যমে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করতে পারে কুলারটি। এই এয়ারকুলারের মাধ্যমে ইচ্ছে করলে আপনি ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারেন। বাজারে এই মডেল ছাড়াও ২০ লিটার ও ১০ লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন হানিওয়েল সিএল২০এই ও সিএস১০এক্সই মডেলের এয়ারকুলার কিনতে পাওয়া যায়। সব এয়ারকুলার রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো যায়।
বাজারে সিম্ফোনি ব্র্যান্ডেরও বিভিন্ন ধরনের এয়ারকুলার কিনতে পাওয়া যায়। সর্বনিম্ন আট হাজার ৮০০ টাকা দামে কিনতে পারেন ডিআইইটি৮ই/আই মডেলের এয়ারকুলার। আট লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন এই এয়ারকুলার ১২৫ বর্গফুট পর্যন্ত কাজ করতে পারে। সাড়ে সাত মিটার দূরত্ব পর্যন্ত বাতাস দিতে পারে এয়ারকুলারটি। ডিআইইটি২২ই/আই ও ডিআইইটি৫০ই/আই মডেলের দাম ১২ হাজার ৭৫০ও ১৫ হাজার টাকা। হাইকুল স্মার্ট মডেলের এয়ারকুলারের দাম ১৪ হাজার ৪০০ টাকা।
এ ছাড়া বাজারে ইয়ামাদা, সাচি, হুন্দাই ছাড়াও বিভিন্ন নন-ব্র্যান্ডের এয়ারকুলার পাওয়া যায়। সাত হাজার থেকে শুরু করে আকারের ওপর নির্ভর করে ২৫ হাজার টাকার মধ্যে এয়ারকুলার কিনতে পাওয়া যায়। নন-ব্র্যান্ডের এয়ারকুলার কেনার ক্ষেত্রে প্রস্তুতকারক দেশের নাম দেখে কিনতে পারেন।
খেয়াল রাখুন
l সারা রাত একটানা এয়ারকুলার চালানো থেকে বিরত থাকুন। এতে রুমের আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে গুমোট ভাব সৃষ্টি হতে পারে।
l শিশুরা যেন এয়ারকুলারের ব্লোয়ারের সামনে দাঁড়িয়ে শ্বাস-প্রশ্বাস না নেয়, সেদিকে খেয়াল রাখুন।
l কুলারে সব সময় চেষ্টা করুন ঠান্ডা পানি দিতে। সাধারণ তাপমাত্রার পানি দিলে বরফের টুকরো মিশিয়ে দিন।