একত্র হচ্ছে ডেল ও ইএমসি
বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল এবার পাঁচ হাজার কোটি ডলারের মালিক স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান ইএমসির সঙ্গে একত্র হচ্ছে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। তবে এটি কী প্রক্রিয়ায় হবে তা এখনো জানা যায়নি।
স্টোরেজ বা ভারচুয়াল জায়গা ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার তৈরি করে ইএমসি যা সাধারণত উন্নত সুবিধার ডেটা সেন্টারে ব্যবহৃত হয়। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ইএমসির গত বছরের আয় ছিল প্রায় ২৫ হাজার কোটি ডলার। ইএমসির আরেকটি জনপ্রিয় পণ্য ক্লাউডভিত্তিক ভারচুয়াল সফটওয়্যার ভিএমওয়্যার।
ইএমসির দীর্ঘদিন ধরে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা জয়ি টুচ্চি চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসরে গেছেন। এর পর থেকেই ইএমসির বাজার শেয়ারের দাম কমে যাচ্ছে। তবে ডেলের সঙ্গে একত্র হওয়ার খবর প্রকাশের পর ইএমসির বাজার শেয়ার মূল্য বেড়ে গেছে প্রায় ৯.৪ শতাংশ। ধারণা করা হচ্ছে ডেল পুরো ইএমসির ডেটা স্টোরেজ ব্যবসাকেই অধিগ্রহণ করে নিতে পারে। ইতিমধ্যে বিশ্বখ্যাত ই-কমার্স সেবাদাতা প্রতিষ্ঠান আমাজন, সার্চ ইঞ্জিন গুগল এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিনিয়ত ক্লাউড ভিত্তিক স্টোরেজ সেবা দিতে গিয়ে পিছিয়ে পড়ছে ইএমসি। তবে নিজেদের স্টোরেজ সেবার মাধ্যমেই আবার ঘুরে দাঁড়াতে চাইলে প্রতিষ্ঠানটি। আর সেটা ডেলের সঙ্গে একত্র হতে পারলেই সম্ভব হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে পুরো বিষয়টিতে ডেল কিংবা ইএমসি আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার