একদমই ভালো কাটল না চাঁদ মামার ঈদ!

চাঁদনী চকে চাঁদবদন মুখ করে চাঁদরাতে পুরো পরিবার নিয়ে সবাই যখন শপিং করল, মামা তখন দুঃখী দুঃখী মুখ করে চেয়ে থাকল। তার নাম ভাঙিয়ে এত কিছু কেনাবেচা হলো অথচ কেউ তাকে একটা রুমালও কিনে দিল না, নিদেন পক্ষে কলঙ্ক মোছার জন্য একটা ক্রিম কিংবা ফেসিয়াল প্যাক...মামা কি পরিবারের কেউ নয়? তার জন্য কি ঈদ ছিল না?
আগে তাও তার সেলিব্রিটি হিসেবে একটা ‘অনার’ ছিল, সেটাও এখন নেই। মামার মনে পড়ে, বছর কয়েক আগেও ঈদের আগের সন্ধ্যায় তাকে দেখার জন্য সবাই ঘরের ছাদে, মাঠে, ঘাটে দল বেঁধে বেরিয়ে পড়ত। কে কার আগে তাকে দেখতে পারে! আহা! তাকে দেখার জন্য রীতিমতো প্রতিযোগিতাই হতো। মামাও জিম-টিম করে মডেলদের মতো স্লিম ফিগার বানিয়ে তবেই জনসমক্ষে আসত। এখন সিলেটে তো পরক্ষণে দিনাজপুরে। কখনো বা মেঘের আড়ালে, কখনো গাছের চিপায়! সে কী দিন ছিল! তাকে দেখলেই যে সবার আনন্দ, ঈদের আগমনী বার্তা! আর এবার? এবারও মামা এল, কিন্তু মানুষ বসে রইল ফেসবুকের সামনে, কেউ কেউ স্ট্যাটাস লিখল, ‘আজ ঈদের স্ট্যাটাস দেখলেই কাল ঈদ!’ মনে পড়লেই দুঃখে মামার চোখ ঝাপসা হয়ে আসে! কী দুঃখ! কী দুঃখ!!
এমনিতেই দেশে চাঁদমামার ‘মামা’ হিসেবে যে অবস্থান ছিল, তা আজ হুমকির মুখে দাঁড়িয়ে আছে। আজকাল চা-ওয়ালা কাস্টমারকে, কাস্টমার চা-ওয়ালাকে, অটোরিকশাওয়ালা যাত্রীকে, যাত্রী অটোরিকশাওয়ালাকে—সবাই সবাইকে মামা ডেকে ডেকে চাঁদমামার ওজনই কমিয়ে ফেলেছে। চাঁদমামা দুঃখ দুঃখ গলায় বলল, ‘তোমরা সংবিধান কাটাছেঁড়া করে তত্ত্বাবধায়ক সরকার বদলে দিতে পারছ, অথচ যত্রতত্র মামা ডাকা বন্ধ করতে পারছ না? দুঃখজনক! খুবই দুঃখজনক!’
চাঁদমামার দুঃখটা যে কারও সঙ্গে শেয়ার করবে, সেই সুযোগও এখন নেই! কদিন হলো তার একমাত্র সঙ্গী চাঁদের বুড়ি চাঁদে সুতা কাটা বাদ দিয়ে এ দেশে চলে এসেছে। আধুনিক সুইং মেশিন দেখে ঐতিহ্যবাহী চরকার কথা ভুলে বুড়ি নাকি গার্মেন্টসে সুতা কাটার চাকরি নিয়েছে! চাঁদমামা লোকমুখে শুনেছে, ইদানীং বুড়ি বেতন বাড়ানোর আন্দোলন করে পুলিশের টিয়ারশেলও খেয়ে বেড়াচ্ছে! কই, সে তো বুড়িকে রেখে কিছু খেত না! বুড়ি কি পারত না একা একা না খেয়ে তাকেও এক প্লেট টিয়ারশেল পাঠাতে? অন্তত এই ঈদের দিনটায়? দুঃখজনক! খুবই দুঃখজনক!!
বিপদ যখন আসে, তখন নাকি দল বেঁধে আসে! সেদিন চাঁদমামা ইন্টারনেটে দেখল, চাঁদের জমি বিক্রি হয়ে যাচ্ছে! কই কেউ তো চাঁদমামার কাছে জমি কিনতে আসেনি! তবে কি তাকে টাকা পয়সা না দিয়েই তার জমি বেদখল করার ব্যবস্থা হচ্ছে! মামাবাড়ির আবদার নাকি? আরে বাবা তোমরাই না বলো, চাঁদেরও কলঙ্ক আছে। তাহলে কেন চাঁদমামার কলঙ্কিত জমি বেদখল করতে চাও? মামা মনের দুঃখে গাইতে থাকে, ‘আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁইও না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী...’
মামার এত সব দুঃখের তবু একটা সীমা ছিল, এখন সেটাও ছাড়িয়ে যাচ্ছে। তার একমাত্র ভাই, সম্পর্কে আমাদের বাঘমামা, সেও নাকি মহাবিপদে পড়েছে। রামপালে বিদ্যুৎকেন্দ্রের জন্য কদিন পর তাকে ভিটেমাটি ছেড়ে পালাতে হবে! এ কথা শোনার পর থেকে চাঁদমামার নাওয়া-খাওয়াও বন্ধ হওয়ার জোগাড়। এবার ঈদের আগে জিম করা লাগেনি, না খেয়ে খেয়েই চিকন হয়ে গেছে চাঁদমামা। যাকে বলে এক ফালি চিকন চাঁদ! চাঁদমামা নিজে যে কষ্ট করে আরেকটু আলো বাড়িয়ে দিয়ে বিদ্যুতের ঘাটতি পুষিয়ে তার বাঘ ভাইটিকে বাঁচাবে, সেই সুযোগও নেই। সে নিজেই তো সূর্যের কাছ থেক বাকিতে আলো কিনে চলছে। অনেক বিল আটকে আছে! কবে যে সেগুলো শোধ করবে, সেটাই ভেবে পাচ্ছে না। চাঁদমামা দীর্ঘশ্বাস ফেলে আর ভাবে, ‘ইশ! মহাশূন্যে যদি “সোনালি ব্যাংক” নামে একটা ব্যাংক থাকত, তাহলে সে “হল-মার্ক” নামে একটা কোম্পানি খুলত!’