একদিন আমরাও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর মেরিলিন মারমা, অপর্ণা চাকমা ও শামীমা আক্তার প্যান্ডেলের এক কোনায় বসে অন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা দেখছে। মনে হচ্ছে তিনজনেরই মন খারাপ। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই মেরিলিন মারমার ঝটপট উত্তর, একটু তো খারাপ। তবে সবটা খারাপ না, এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম। জানলাম তথ্যপ্রযুক্তির বদৌলতে জগৎটাকে হাতের মুঠোয় নেওয়া যায়!অপর্ণা বলল, ভাগ্যিস এখানে এসেছি আর প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি! না হলে মুঠোফোন ইন্টারনেট নিয়ে বিশ্বের এত কিছু দেখা যায়, তা জানতেই পারতাম না। শামীমা বলল, এমন প্রতিযোগিতা স্কুলেও করা গেলে সাধারণ জ্ঞানসহ ইন্টারনেট ব্রাউজিংও অনেক বেশি শেখা যাবে।১২ অক্টোবর তিন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে। তারা তিনজনই ছিল প্রতিযোগী। তবে প্রথম রাউন্ডেই তাদের বিদায় হয়েছে। আর আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে তখনই প্রত্যয় ব্যক্ত করেছে।শুধু মেরিলিন, অপর্ণা, শামীমা তিন সম্প্রদায়ের তিন প্রত্যয়ী শিক্ষার্থীর নয়, রাঙামাটির ইন্টারনেট উৎসব ছিল সব তরুণ শিক্ষার্থীর জগৎ দেখার অনুপ্রেরণার উৎস। প্রতিযোগিতায় সামিল হওয়ার পাশাপাশি উৎসব ছিল সাম্প্রদায়িক সম্প্রীতিরও মিলন মেলা। রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সৌরভ চাকমার প্রতিজ্ঞা আগামী বছর ভালো করার পাশাপাশি জগৎকে জয় করার। সে বলল, ‘আমরা জানতাম না মুঠোফোন ইন্টারনেট দিয়ে অনেক কিছু শেখা যায়। এখন থেকে শেখার জন্য ইন্টারনেট ব্যবহার করব।’মাহিম আনজুম উচ্ছ্বাস রাঙামাটির আই-জিনিয়াস ঘোষিত হওয়ার পরপরই অনুভূতি ব্যক্ত করে বলে, ‘ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় যখন রাঙামাটির প্রতিনিধিত্ব করব তখন নিজের এলাকার সম্মান রাখার পাশাপাশি দেশসেরা হওয়ার চেষ্টা করব।’দেশের অন্যান্য অঞ্চল থেকে রাঙামাটি জেলাসহ পার্বত্য চট্টগ্রাম অনেক দেরিতে ইন্টারনেট ও মুঠোফোন প্রযুক্তির আওতায় এসেছে। ২০০৮ সালের শেষ দিকে মুঠোফোন, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তির সঙ্গে প্রথম পরিচিত হয়েছিল পার্বত্য চট্টগ্রামের মানুষ। সে কারণে অনেক শিক্ষক অভিভাবক চিন্তায় ছিলেন। রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম অনেক পরে তথ্যপ্রযুক্তির দেখা পেয়েছে। তাই একটু চিন্তায় ছিলাম পারবে কি না। এখন বুঝতে পারছি আমাদের তরুণ প্রজন্ম আর পিছিয়ে নেই।’ দূরে সমবেত কণ্ঠে শিক্ষার্থীরা গেয়ে চলেছে, ‘আমরা করব জয় একদিন...।’