একদিন সব টিভিই হবে বাঁকানো

ভবিষ্যতে শিশুদের টেলিভিশনের ছবি আঁঁকতে বললে তারা ট্যাবলেট কম্পিউটারে টিভির যে ছবি আঁঁকবে তা এখনকার মতো সমতল চৌকো স্ক্রিনের হবে না বরং তা হবে বাঁকানো স্ক্রিনের। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কিম হুনসুকের ধারণা অন্তত তাই। তাঁর মতে, ভবিষ্যতে শিশুরা শুধু বাঁকানো স্ক্রিনের টিভিই দেখবে বেশি।
স্যামসাংয়ের টিভি বিভাগের কর্মকর্তা কিম হুনসুক ধারণা করছেন, বাঁকানো ডিসপ্লের ত্রিমাত্রিক ছবি দেখানোর বৈশিষ্ট্য বাজারে এই টিভির গ্রাহকদের আকর্ষণ করবে। গত বছরে বাজারে আসা থ্রিডি টিভির তুলনায় বাঁকানো টিভিগুলো বাজারে বেশি গ্রাহক কাড়বে। থ্রিডি টিভির মূল সমস্যা হচ্ছে দেখার মতো কনটেন্টের স্বল্পতা।
কিম বলেন, যুক্তরাজ্যে আলট্রা হাই ডেফিনেশন টিভি বিক্রির ক্ষেত্রে ৭০ শতাংশ বাঁকানো টিভি বিক্রি হচ্ছে। এ থেকেই বোঝা যায় বাঁকানো স্ক্রিনের টিভি মানুষের মনোযোগ কাড়তে পেরেছে। যদিও এখনও এ ধরনের টিভি এখনই সবাই কিনতে রাজি নন কিন্তু এ ধরনের টিভি কেনার আগ্রহ অনেকের আছে। তবে এক্ষেত্রে দামের বিষয়টিই সবচেয়ে বড় বাধা।
সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইফা সম্মেলনে নতুন বাঁকানো মডেলের টিভি উন্মুক্ত করেছে স্যামসাং। বর্তমানে ১৭টি মডেলের ৪৮ থেকে ১০৫ ইঞ্চির মধ্যে বিভিন্ন ধরনের টিভি রয়েছে স্যামসাংয়ের। জার্মানির বার্লিনে ১০৫ ইঞ্চি মাপের বাঁকানো ডিসপ্লের একটি টিভি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
কিম বলেন, ‘টেলিভিশনের ক্ষেত্রে পিকচার কোয়ালিটি বা ছবির মান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়টি মাথায় রেখেই টিভি উদ্ভাবনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই জানান কিম।