একদিনের মেলায় শিক্ষার সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তির সময়ের নানা তথ্য কীভাবে সহজে সংরক্ষণ ও খুঁজে বের করা যাবে, প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন-উপস্থিতিসহ নানা তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে বের করা যায়—সফটওয়্যারের সাহায্যে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এমনই নানা প্রশ্নের সহজ সমাধান মিলল গতকাল রোববার ঢাকায় অনুষ্ঠিত দিনব্যাপী সফটওয়্যার মেলায়।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) স্থানীয় বাজার উন্নয়ন স্থায়ী কমিটি এ সফটওয়্যার মেলার আয়োজন করে। ঢাকায় বেসিসের প্রধান কার্যালয় বিডিবিএল ভবনে বেসিস মিলনায়তনে এই মেলার উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর তৈরি বিভিন্ন সফটওয়্যার শিক্ষার সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্বমানের। তিনি শুরু থেকেই এসব সফটওয়্যারের নিরাপত্তার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব পণ্য ব্যবহারে উৎসাহিত করার কথাও বলেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. রফিকুল ইসলাম, বেসিসের সভাপতি মাহবুব জামান, বেসিসের স্থানীয় বাজার উন্নয়ন স্থায়ী কমিটির ভারপ্রাপ্ত পরিচালক শেখ কবির আহমেদ, চেয়ারম্যান উত্তম কুমার পাল, বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম ও শেখ কবির আহমেদ। স্থানীয় বাজার উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত পরিচালক শেখ কবির আহমেদ প্রথম আলোকে বলেন, এক দিনের এই সফটওয়্যার মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক প্রতিনিধি এসেছেন সফটওয়্যার দেখতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। —মোছাব্বের হোসেন