একবার চার্জেই এক মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা নকিয়া নতুন একটি ফিচার ফোন এনেছে যা একবার চার্জ দিলেই এক মাসের বেশি সময় চলবে। ২৫ ফেব্রুয়ারি থেকে বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ১৫ ইউরো দামের এ মোবাইল ফোনটির ঘোষণা দিয়েছে নকিয়া।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের মোবাইল মেলায় এলজি, এইচপি, হুয়াউয়ে, স্যামসাং যখন নতুন স্মার্ট পণ্য নিয়ে হাজির হয়েছে সেখানে নকিয়া এনেছে সাশ্রয়ী দামের স্মার্টফোন। নকিয়ার দাবি, ‘নকিয়া ১০৫’ মডেলের এ মোবাইল ফোনটি চালু রাখতে মাসে একবার চার্জ দিলেই চলবে। ১.৪৫ ইঞ্চি মাপের টিএফটি স্ক্রিনের এ ফোনটিতে কোনো ক্যামেরা নেই। তবে টক টাইম সাড়ে ১২ ঘণ্টা। ফ্ল্যাশলাইট, এফএম রেডিওর মত ফিচারের সঙ্গে ধুলা প্রতিরোধী কি-প্যাড ব্যবহার করেছে নকিয়া।নকিয়া কর্তৃপক্ষের ভাষ্য, শুধু বেশি দামের কারণে পৃথিবীর ২৭০ কোটি মানুষের স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। অথচ এ মানুষগুলোর মোবাইল হলে চলে। দুর্যোগ বা জরুরি অবস্থার জন্যই দীর্ঘক্ষণ চার্জ থাকে এমন ফিচার ফোন তৈরি করেছে নকিয়া। শিগগিরই ইউরোপ ও এশিয়ার বাজারে ‘নকিয়া ১০৫’ ফোন বাজারে আনবে প্রতিষ্ঠানটি।প্রসঙ্গত, নকিয়া ১০৫ ফিচার ফোন ছাড়াও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ইন্টারনেট ব্রাউজ ও ক্যামেরা সুবিধার ‘নকিয়া ৩০১’ মডেলের ফোনের ঘোষণা দিয়েছে। এ ছাড়াও উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর লুমিয়া ব্র্যান্ডের ৭২০ ও ৫২০ নামে দুটি মডেলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।লুমিয়া ৫২০ মডেলটির দাম হবে ১৩৯ ইউরো এবং লুমিয়া ৭২০ মডেলটির দাম হবে ২৪৯ ইউরো।নকিয়ার একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বাজারে অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে উইন্ডোজ ৮ সফটওয়্যারনির্ভর স্মার্টফোনগুলোর দাম কমানো ও সাশ্রয়ী ফোন তৈরি করবে নকিয়া। স্মার্টফোনের বাজারে চীনের তৈরি সাশ্রয়ী মোবাইল ফোনগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন পথে হাঁটতে শুরু করছে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা নকিয়া।বাজার বিশ্লেষকেদের ভাষ্য, নকিয়ার স্মার্টফোনের দাম ২০০ ডলার থেকে শুরু। আর বেশি দামের স্মার্টফোনের কারণে এক সময়ের জনপ্রিয় নকিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা।২০১২ সালের শেষ তিন মাসে মাত্র ৪৪ লাখ লুমিয়া স্মার্টফোন বিক্রি করতে পেরেছে নকিয়া।