একশো দিনে গ্যালাক্সি এস ৩ বিক্রি হয়েছে ২ কোটি
মাত্র একশো দিনে ২ কোটি গ্যালাক্সি এস ৩ স্মার্টফোন বিক্রির এক রেকর্ড গড়েছে স্যামসাং। চলতি বছরের জুলাই মাসে এক কোটি ইউনিট গ্যালাক্সি এস ৩ স্মার্টফোন বিক্রির মাইলফলক ছুঁয়েছিল দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।আইফোনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ২৯ মে ইউরোপের বাজারে এ স্মার্টফোনটি উন্মুক্ত করেছিল স্যামসাং। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানাকর্ড জেনুইটির এক জরিপে দেখা গেছে, ২০১১ সালের অক্টোবর মাসে বাজারে আসা আইফোন ৪এস যুক্তরাষ্ট্রের বাজারে জনপ্রিয়তায় শীর্ষে ছিল। তবে আগস্ট মাসের স্মার্টফোন বিক্রির হিসাবে আইফোনকে পেছনে ফেলেছে গ্যালাক্সি এস৩। যুক্তরাষ্ট্রের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টি-মোবাইল, স্প্রিন্ট, ভেরিজন ওয়্যারলেসের বিক্রি করা স্মার্টফোনের মধ্যে শীর্ষে রয়েছে গ্যালাক্সি এস৩।স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি এস ৩ বিক্রির দিক থেকে শীর্ষে রয়েছে ইউরোপ। ১০০ দিনে ইউরোপের বাজারে ৬০ লাখ ইউনিট গ্যালাক্সি এস ৩ বিক্রি হয়েছে। ৪৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় ৪০ লাখ ইউনিট গ্যালাক্সি এস ৩ বিক্রির রেকর্ড গড়েছে। স্যামসাং কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যালাক্সির পূর্ববর্তী মডেল এস ২ এর তুলনায় এস ৩ বিক্রি হয়েছে তিনগুণ দ্রুত। আর শুধু গ্যালাক্সি এস মডেলের তুলনায় বিক্রির হার ছয়গুণ দ্রুত।স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের নতুন পণ্য হিসেবে এই স্মার্টফোনটি বাজারে এনেছে। ১৪ জুন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই স্মার্টফোনটির। দাম সাড়ে ৬৭ হাজার টাকা।৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.০.৪ । স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস ৪২১২ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রিজি সুবিধা।১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, ‘এস ভয়েস’ নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি।