একসঙ্গে কাজ করবে এটুআই এবং ব্র্যাক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং কক্ষে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সমন্বয়ের লক্ষ্যে গতকাল বুধবার অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও ব্র্যাকের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে । এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ও ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক (স্ট্র্যাটেজি, কমিউনিকেশন এবং এমপাওয়ারমেন্ট) আসিফ সালেহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআইয়ের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা ও ব্র্যাকের পরিচালক তাহসিনাহ আহমেদ।
সমঝোতা চুক্তির আওতায় এটুআই ও ব্র্যাক যৌথভাবে নবম-দশম শ্রেণির দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি ট্রেডে দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করবে। এই উদ্যোগের আওতাভুক্ত শিক্ষার্থীরা বিদ্যমান শিক্ষাব্যবস্থায় এসএসসি সনদের পাশাপাশি কারিগরি বোর্ডের দক্ষতার সনদ লাভ করবে। কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলেও দক্ষতার সনদের মাধ্যমে যথোপযুক্ত কর্মসংস্থানে যুক্ত হতে পারবে। বর্তমানে পাইলট আকারে এটুআই এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে ১০টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞপ্তি