একসঙ্গে কাজ করবে বিসিএস ও আইসিটি বিভাগ
দেশব্যাপী তথ্যপ্রযুক্তির প্রসার বাড়াতে ও এর সুফল জনগণের কাছে পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ একসঙ্গে কাজ করবে। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনগোষ্ঠী তৈরি এবং তথ্যপ্রযুক্তিপণ্যের বহুমাত্রিক ব্যবহার করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার নানা উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি ঢাকায় বিসিএসের কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার এ অভিমত দেন। এ সময় বিসিএসের মহাসচিব নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাজী শামসুদ্দিন আহমেদ লাভলু, পরিচালক আলী আশফাকসহ অনেকে উপস্থিত ছিলেন। বিসিএসের প্রতিনিধিরা সমিতির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সচিবকে জানান। পাশাপাশি বাংলাদেশকে তথ্যপ্রযুক্তিপণ্য উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনাও তুলে ধরেন।
—বিজ্ঞপ্তি