একসঙ্গে নয় জায়গায় অ্যাপস তৈরির কর্মশালা
ঢাকায় সাতটি এবং চট্টগ্রামে দুটি—মোট নয় জায়গায় তরুণ প্রোগ্রামারদের নিয়ে দুই দিনের মোবাইল ফোন অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনে নির্মাতারা বেশ কিছু অ্যাপসও তৈরি করেছেন।এসব কর্মশালা পরিচালনা করে ‘ক্লাউড ক্যাম্প বাংলাদেশ’। ক্লাউড ক্যাম্প বাংলাদেশের এ কার্যক্রমে ৫৬০ জন নিবন্ধন করেন, যার মধ্যে ৩০০ জনকে নিয়ে ঢাকা ও চট্টগ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনের কর্মশালা শেষহয়েছে গতকাল শনিবার। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঢাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে কর্মশালা শুরু হয়। এ সময় বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, সাবেক সভাপতি মাহবুব জামান ও ক্লাউড ক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মেহেদী-উজ জামান, উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রোগ্রামাররা এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে মোবাইল অ্যাপস তৈরি করেন। এ সময় যুক্তরাষ্ট্র থেকে অ্যাপস তৈরির নানা বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন ক্লাউড ক্যাম্পের প্রতিষ্ঠাতা ডেভ নিয়েলসন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে কর্মশালা।মুহাম্মদ মেহেদী-উজ জামান প্রথম আলোকে বলেন, ব্যাপক জনগোষ্ঠীর কাছে মোবাইল ফোনের বহুবিধ সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ঢাকায় মোবাইল অ্যাপস নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছেবেসিস মিলনায়তন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, টেকনোভেন কোম্পানি লিমিটেড, ডাটাসফট সিস্টেম বিডি লিমিটেড, উইনটেল বিডি লিমিটেড ও ম্যাগনিটো ডিজিটালে। চট্টগ্রামের দুটি আয়োজন অনুষ্ঠিত হয় নিউ হরাইজনস এবং বাইনারি ইমেজে। উল্লেখ্য, ক্লাউড ক্যাম্প (ইউএসএ) গত বছর সারা বিশ্বে ৩০০টির বেশি কর্মশালার আয়োজন করে। অনলাইনে ক্লাউড ক্যাম্প বাংলাদেশে নিবন্ধন করা যাবে। ঠিকানা: www.cloudcamp.org/bd ঠিকানায়। —নিজস্ব প্রতিবেদক