>বিল গেটস, স্টিভ জবস কিংবা মার্ক জাকারবার্গ—প্রযুক্তি জগতের নেতৃস্থানীয় মানুষ তাঁরা। বিশ্বসেরা ধনকুবেরও বটে। শুনতেই কেমন কাঠখোট্টা নীরস মনে হয়। অথচ তাঁদের জীবনেও যে প্রেম এসেছিল। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে নিজেরাই লাজুক মুখে বলেছেন তাঁদের প্রেমময় সেই দিনগুলোর কথা। তাঁদের স্ত্রীরাও এখন যাঁর যাঁর জায়গায় সুপ্রতিষ্ঠিত। তাঁদের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। তারপরও অজানা অনেক কিছুই আছে। বিশেষ করে তাঁদের প্রথম পরিচয়ের দিনগুলোর কথা।

মেলিন্ডা গেটস
কো-চেয়ারম্যান ও অপারেটর, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন; মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী
১৯৮৬ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের সদ্য স্নাতক মেলিন্ডা অ্যান ফ্রেন্স শিক্ষানবিশ হিসেবে কাজ করছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনে। আইবিএম তাঁকে নিয়োগ দিতে প্রস্তুত। এদিকে মাইক্রোসফট নামের নতুন এক প্রতিষ্ঠান থেকেও ডাক এসেছে। আইবিএমের একজন কর্মকর্তা তাঁকে বলেছিলেন, ‘নতুন প্রতিষ্ঠান বলেই ওখানে দ্রুত উন্নতির সুযোগ আছে তোমার।’ মেলিন্ডাও হয়তো তা বুঝতে পেরেছিলেন। নইলে তখন আইবিএমের মতো বড় প্রতিষ্ঠান ছেড়ে কেন মাইক্রোসফটে যোগ দেবেন! পণ্য ব্যবস্থাপক হিসেবে শুরু, পৌঁছেছিলেন তথ্যভিত্তিক পণ্যের মহাব্যবস্থাপক পদ পর্যন্ত।
আরেক ধাপ উন্নতি হয়েছিল স্বয়ং প্রধান নির্বাহীর মনে। একদিন বিল গেটস এসে মেলিন্ডাকে বলেন, ‘একদিন বাইরে খেতে গেলে কেমন হয়? আজ থেকে ঠিক দুই সপ্তাহ পরে?’ মেলিন্ডা অবাক হয়ে জানান, দুই সপ্তাহ পরে কে কোথায় থাকবে তার কি ঠিক আছে! বিল অবশ্য দমে যাওয়ার পাত্র ছিলেন না। দুই সপ্তাহ থেকে সময়টা এক ঘণ্টায় নিয়ে আসেন। ফোন করে বিল বলেন, ‘আজ কেমন হয়?’ এর সাত বছর পর একরকম অনাড়ম্বরে কাছের কিছু লোকজনকে সঙ্গে নিয়ে বিয়ে করেন দুজনে।
মাইক্রোসফটে নয় বছর চাকরি শেষে নিজের পরিবার সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। এখন সামলাচ্ছেন নিজেদের দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজকর্ম। ফোর্বস সাময়িকীর তালিকায় বিশ্বের তৃতীয় ক্ষমতাধর নারীর নাম মেলিন্ডা গেটস।
লরেন পাওয়েল জবস
সহপ্রতিষ্ঠাতা, টেরাভেরা; অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অতিথি বক্তা হিসেবে আসবেন স্টিভ জবস। কানায় কানায় পূর্ণ মিলনায়তন। এদিকে বিশ্ববিদ্যালয়ের পাঠ সবে চুকিয়েছেন লরেন পাওয়েল। লেকচার রুমে কোথাও আসন না পেয়ে সামনের সারির সংরক্ষিত আসনে বসে পড়েন। স্টিভ জবস এসে বসেছিলেন লরেনের পাশে। কিছু কথাও হয় তাঁদের মাঝে। লরেন মজা করে বলেছিলেন, ‘আমি লটারিতে জিতেছি, আপনি আমাকে আজ নৈশভোজে নিয়ে যাবেন।’
বক্তব্য শেষে শিক্ষার্থীরা ঘিরে ধরেন জবসকে। কিছুটা দূরে দাঁড়িয়ে লরেন। কিছুক্ষণ পর জবস দেখলেন লরেন বেরিয়ে যাচ্ছেন। হন্তদন্ত হয়ে ছুটে পার্কিং লটে এসে পেয়েছিলেন লরেনকে। হেসে বলেছিলেন, ‘আপনার লটারির কী হলো? শনিবার রাতে ডিনারে গেলে কেমন হয়?’ ফোন নম্বর নিয়ে বেরিয়ে যান স্টিভ জবস।
স্টিভ জবস নিজেই লিখেছেন, ‘হয়তো দুনিয়ায় এটাই আমার শেষ রাত! তখনই ফিরে এসে তাঁকে বলেছিলাম চল আজই যাই। সে সম্মতি জানালে আমরা দুজনে শহরে হেঁটে যাই। এরপর বাকিটা পথ দুজনে একসঙ্গেই হেঁটেছি।’ ১৯৯১ সালের ১৮ মার্চ তাঁরা বিয়ে করেন।
নিউ জার্সির ওয়েস্ট মিলফোর্ডে বেড়ে ওঠা লরেন পাওয়েল ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রতিষ্ঠিত টেরাভেরা নামের প্রতিষ্ঠান নর্থ ক্যারোলাইনায় প্রাকৃতিক খাবার সরবরাহ করে। অ্যাচিভা নামের অনলাইন শিক্ষার ওয়েবসাইটের পরিচালনা পর্ষদে সদস্য হিসেবেও আছেন তিনি। নানা ধরনের দাতব্য কাজের সঙ্গেও জড়িত তিনি। ইমারসন কালেকটিভের মাধ্যমে শিক্ষা, ন্যায়বিচার, পরিবেশ এবং অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করেন তিনি।
লরেন পাওয়েল জবস ট্রাস্টের (পূর্বে স্টিভেন পি জবস ট্রাস্ট নামে পরিচিত ছিল) নিয়ন্ত্রণ তাঁর হাতে। এই প্রতিষ্ঠানটি দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। এ ছাড়া অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেটেডের উল্লেখযোগ্য শেয়ারের মালিক এই ট্রাস্ট। ফোবর্স সাময়িকীর তালিকায় লরেন পাওয়েল জবস বিশ্বের ৪৪তম ক্ষমতাধর নারী এবং তিনি ও তাঁর পরিবার বিশ্বের ৪৫তম ধনী পরিবার।
প্রিসিলা চ্যান
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের স্ত্রী

প্রিসিলা চ্যানের সঙ্গে মার্ক জাকারবার্গের পরিচয় কলেজের দিনগুলো থেকেই। এক কলেজ পার্টির দিনে ওয়াশরুমে যাওয়ার লাইনে দাঁড়িয়ে দুজনের পরিচয়। জাকারবার্গ প্রিসিলাকে বলেছিলেন, মিড টার্ম পরীক্ষার চেয়ে বরং তাঁর সঙ্গে থাকতেই পছন্দ করবেন তিনি। প্রিসিলার সঙ্গে তথ্যপ্রযুক্তির সম্পর্ক খুব কমই। বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেই তাঁদের পরিচয়। প্রিসিলা মেডিকেল স্কুলে পড়তেন, মার্ক কম্পিউটার বিজ্ঞানে। ২০১২ সালের মে মাসে তাঁরা বিয়ে করেন। দাতব্য কাজের সঙ্গে জড়িত দুজনেই। বিশেষ করে ছোটদের জন্য স্কুল এবং হাসপাতাল নির্মাণে আগ্রহী এই দম্পতি।