একা থাকার চেয়ে যেকোনো সঙ্গীই ভালো?

ভবিষ্যৎ জীবনটা একা একা কাটানোর আশঙ্কা থেকে মুক্তির জন্যই তরুণ-তরুণীরা কখনো কখনো গড়পড়তা সঙ্গীকে বেছে নেয় এবং স্থায়ী সম্পর্কে আবদ্ধ হয়। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একদল গবেষক এমনটিই দাবি করছেন। জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি সাময়িকীতে এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষক স্টিফানি স্পিয়েলম্যান বলেন, যে সম্পর্কে আসলে সুখ নেই, সেটিও মানুষ কখনো কখনো ধরে রাখে। আবার সময়বিশেষে এমন কারও সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, যে কিনা তার সঙ্গী হিসেবে খুব উপযুক্ত নয়।
যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী বিভিন্ন বয়সের লোকজনের ওপর জরিপ চালিয়ে ওই গবেষকেরা তথ্য-উপাত্ত সংগ্রহ ও তুলনামূলক বিশ্লেষণ করেন। বিজ্ঞানীরা বলেন, তাঁরা দেখেছেন নারী ও পুরুষ উভয়েই একা হয়ে যাওয়ার ভয়ে শঙ্কিত থাকে। কেবল নারীরাই এ ধরনের আতঙ্ক অনুভব করে বলে যে ধারণা প্রচলিত রয়েছে, নতুন গবেষণাটি তার বিপরীত বক্তব্য দিচ্ছে। এএনআই।