সমাজবিজ্ঞান ২য় পত্র
অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৩ থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
স্থানটি করতোয়া নদীর পাশে অবস্থিত
প্রশ্ন:
ক. ধর্মচক্র কোথায় অবস্থিত?
খ. পরিকল্পিত নগরায়ণ সিন্ধু সভ্যতার বিশেষ দিক—ব্যাখ্যা করো.
গ. চিত্রে কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করা হয়েছে?
ঘ. একটি রাজপ্রাসাদ ও বিখ্যাত ঘাট উক্ত প্রত্নতাত্ত্বিক স্থানের অন্যতম নিদর্শন—কথাটির যথার্থতা নিরূপণ করো.
উত্তর: ক. ধর্মচক্র ময়নামতিতে অবস্থিত.
উত্তর: খ. প্রাচীন নগরগুলোর মধ্যে সিন্ধু সভ্যতা ছিল পরিকল্পিত. নগরবাসীর জন্য তারা আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ নগর গড়ে তুলতে সক্ষম হয়েছে. সিন্ধু সভ্যতায় নগরে প্রশস্ত রাস্তা, পানি সরবরাহের ব্যবস্থা, পয়োনিষ্কাশন, ডাস্টবিনব্যবস্থা, সড়কবাতি এবং নগর প্রতিরক্ষাব্যবস্থা ছিল. এসব উন্নত ও পরিকল্পিত নগরের পরিচয় বহন করে. তাই বলা হয়, পরিকল্পিত নগরায়ণ সিন্ধু সভ্যতার বিশেষ দিক.
উত্তর: গ. উদ্দীপকে উল্লেখিত প্রত্নতাত্ত্বিক স্থানটি হলো মহাস্থানগড়.
মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন. আগে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন যা এক সময় বাংলার রাজধানী ছিল. এই প্রত্নতাত্ত্বিক স্থানটি বগুড়া শহর থেকে ৯ কিমি উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত. মহাস্থানগড়ের দৈর্ঘ্য ৫০০০ ফুট এবং প্রস্থ ৪৫০০ ফুট. খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এ নগরের উত্থান হয় এবং পঞ্চদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী হয়. মহাস্নান থেকে মহাস্থান নামের উৎপত্তি বলে মনে করা হয়. স্থানটি প্রাচীন বাংলার হিন্দু ও বৌদ্ধ সভ্যতার সমৃদ্ধ নগর ছিল. মৌর্য, পাল ও গুপ্তসহ অন্যান্য হিন্দু রাজবংশের রাজধানী ছিল এটি. ১৯২৮ সালে কে এন দিক্ষিতের নেতৃত্বে খননকাজের মাধ্যমে এ প্রত্নতাত্ত্বিক স্থানটি আবিষ্কৃত হয়েছে. বাংলাদেশের সমাজ ও সভ্যতা বিকাশে মহাস্থানগড়ের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে.
উত্তর: ঘ. মহাস্থানগড়ে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রাজা পরশুরামের প্রাসাদ ও শীলাদেবীর ঘাট অন্যতম. মহাস্থানগড়ের সর্বশেষ হিন্দু রাজা পরশুরামের রাজপ্রাসাদের দৈর্ঘ্য ৬০.৯৬ মিটার ও প্রস্থ ৩০.৪৮ মিটার. নির্মাণ উপাদান দেখে মনে করা হয় এটি অষ্টম শতক কিংবা তারও আগে নির্মিত. প্রাসাদটিতে বালুর পলেস্তারা, ইট বাঁধানো মেঝে ও দেয়ালে চুনকাম দেখা যায়. প্রাসাদটির দুদিকে প্রাচীর, তোরণ ও রক্ষীর ঘর রয়েছে. প্রাসাদটি নির্মাণে তৎকালীন হিন্দু বিশ্বাস ও সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়. প্রাসাদটিতে পরশুরাম রাজসভার কাজ পরিচালনা করতেন. প্রাসাদটি তৎকালীন সমাজ ও সভ্যতার অন্যতম নিদর্শন. মহাস্থানগড়ের দুর্গের বাইরে অন্যতম একটি স্থান হলো শীলাদেবীর ঘাট. মহাস্থানগড় থেকে ২০০ গজ পূর্বে এটি অবস্থিত. কথিত আছে, সুলতান মাহীসওয়ারের নেতৃত্বে যখন রাজা পরশুরামকে পরাজিত ও নিহত করে দুর্গ দখল করেন, তখন তাঁর বোন (কারও মতে কন্যা) শীলাদেবী বন্দী হন. পরে শীলাদেবী সুলতানকে ছুরিকাঘাতে হত্যা করে পাশের করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন. যে স্থানে শীলাদেবী আত্মহত্যা করেন সেই স্থানটি শীলাদেবীর ঘাট নামে পরিচিত. কথিত আছে, শীলাদেবী তান্ত্রিকসিদ্ধা ছিলেন তাই তাঁর আত্মাহুতির পর এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তথা মহাস্থান বলে বিবেচিত হতো।
মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম