বিরাম চিহ্ন অংশ-১৬
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৪৬.
মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত তখন তারা এ দেশকে আরও গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয় তারা জানে এ দেশের মনস্বী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল সবাইকে হত্যা করলে এ দেশের যে ক্ষতি হবে তা অপূরণীয় পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে।
উত্তর: মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এ দেশকে আরও গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এ দেশের মনস্বী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল সবাইকে হত্যা করলে এ দেশের যে ক্ষতি হবে তা অপূরণীয়। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে।
৪৭.
তাঁদের স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বরে আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না আমরা তাঁদের স্মরণ করব চিরদিন দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহা আদর্শ তাঁরা স্থাপন করে গেছেন আমরা সেই আদর্শ অনুসারে নিজেদের যোগ্য মানুষরূপে গড়ে তুলব তবেই আমাদের পক্ষে তাঁদের ঋণ শোধ করা সম্ভব হবে।
উত্তর: তাঁদের স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বরে আমরা পালন করি ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা। তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাঁদের স্মরণ করব চিরদিন। দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহা আদর্শ তাঁরা স্থাপন করে গেছেন। আমরা সেই আদর্শ অনুসারে নিজেদের যোগ্য মানুষরূপে গড়ে তুলব। তবেই আমাদের পক্ষে তাঁদের ঋণ শোধ করা সম্ভব হবে।
৪৮.
একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা শহীদ মিনারে ফুল দিতে যাই তখন আমাদের মনে আর মুখে বাজে এই গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানে সুর দেন আলতাফ মাহমুদ প্রতিভাবান এই সুরসাধকেরও প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী।
উত্তর: একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা শহীদ মিনারে ফুল দিতে যাই। তখন আমাদের মনে আর মুখে বাজে এই গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ এ গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুরসাধকেরও প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী।
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল