একুশের চেতনায় বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটসহ সাইবার জগতে বাংলা ভাষাকে এগিয়ে নেওয়ার তাগিদে একুশের চেতনায় উজ্জীবিত তরুণদের বাংলা উইকিপিডিয়াকে (http://bn.wikipedia.org) সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। গতকাল একুশে ফেব্রুয়ারি ঢাকায় উইকিপিডিয়ানদের (উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবক) এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ সমাবেশের আয়োজন করে। অমর একুশেগ্রন্থমেলা ২০১১-এর আয়োজনস্থল বাংলা একাডেমীর প্রবেশপথ-সংলগ্ন ফুটপাতে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত এ সমাবেশে উইকিপিডিয়ার একদল স্বেচ্ছাসেবক উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহ্বান-সংবলিত ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকেন। ২০০৭ সাল থেকে বিডিএওসএনের পক্ষ থেকে প্রতিবছর এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। সমাবেশে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক তানভীর রহমান জানান, ২০০৯ সালের সমাবেশ দেখে তিনি উইকিপিডিয়ার ব্যাপারে আগ্রহী হন এবং নিয়মিত কাজ করে আজ এর প্রশাসক হয়েছেন। উইকিপিডিয়ায় বাংলা ভাষার আন্দোলনের ইতিহাস তুলে ধরার অগ্রণী কর্মী তারিফ এজাজ জানান, প্রতিবছর এই সমাবেশে অংশ নিতে তাঁর খুবই ভালে লাগে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা নাইয়ার ফাতেমা ফেসবুকে সমাবেশের খবর পেয়ে এখানে আসেন।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গ্রন্থাগারিক আনওয়ারুল ইসলাম তাঁর সন্তানকে নিয়ে সমাবেশে যোগ দেন। এ প্রসঙ্গে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ২০০৬ সাল থেকে বাংলা উইকিপিডিয়াকে জনপ্রিয় করার জন্য বিডিওএসএন কাজ করছে। বর্তমানে সারা বিশ্বের একদল স্বেচ্ছাসেবী বাংলা উইকিপিডিয়ার ২২ হাজারের বেশি নিবন্ধকে সমৃদ্ধ করছেন প্রতিনিয়ত। তিনি বাংলাভাষী সব জনগোষ্ঠীকে ইন্টরনেটে এই মুক্ত বিশ্বকোষ সমৃদ্ধ করার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত ছিলেন নাসির খান, বাদল খান, নুরুন্নবী চৌধুরী, তন্ময় রহমান, মাইনুল ইসলাম, শাবাব আহমেদ, রণদীপম বসু, বায়েজিদ ভুইয়া, ইমরান আহমেদ প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক