এক্সপি থেকে বিদায় নিচ্ছে ক্রোম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছর থেকে এক্সপি ওএসে গুগল ক্রোমের সব ধরনের নিরাপত্তা হালনাগাদ বন্ধ করছে গুগল।
আগামী বছর থেকে এক্সপি ওএসে গুগল ক্রোমের সব ধরনের নিরাপত্তা হালনাগাদ বন্ধ করছে গুগল।

উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম থেকে ক্রোম ব্রাউজারের সব ধরনের সমর্থন তুলে নেবে গুগল। এ বছরের শেষ পর্যন্ত নিয়মিত হালনাগাদ ও নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করবে গুগল। তবে আগামী বছর থেকে আর কোনো হালানাগাদ আনবে না বলে গতকাল বৃহস্পতিবার গুগল কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানিয়েছে।
গুগল ক্রোমের প্রকৌশল বিভাগের প্রধান মার্ক লারসন এক ব্লগ পোস্টে জানিয়েছেন, এক্সপি ব্যবহারকারীরা আগামী বছর থেকে গুগল ক্রোমের কোনো হালানাগাদ ও নিরাপত্তা প্যাঁচ পাবেন না।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে গুগল ক্রোম এক্সপিকে আর সমর্থন দেবে না বলে জানিয়েছিল। কিন্তু লারসান জানালেন, এ বছরের শেষ নাগাদ গুগল ক্রোম এক্সপি ব্যবহারকারীদের সমর্থন দিয়ে যাবে।
লারসন বলেন, ‘আমরা জানি নতুন অপারেটিং সিস্টেমে যাওয়া সবার জন্য সহজ কাজ নয়। এখনো লাখ লাখ মানুষ এক্সপিচালিত কম্পিউটার ব্যবহার করছেন। কেবল তাঁদের কথা ভেবে মাইক্রোসফট অসমর্থিত অপারেটিং সিস্টেম হলেও এক্সপির জন্য হালনাগাদ ও নিরাপদ ব্রাউজার ব্যবহার করার সুযোগ অব্যাহত রেখেছি আমরা।’
প্রায় এক বছর আগে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম থেকে নিজেদের সব ধরনের সমর্থন দেওয়া বন্ধ করে দেয় মাইক্রোসফট। ২০০১ সালে উন্মুক্ত করা অপারেটিং সিস্টেমের জন্য কোনো নিরাপত্তা আপডেট উন্মুক্ত করেনি মাইক্রোসফট। ১৪ এপ্রিল ২০১৪ থেকে এক্সপির ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য নিরাপত্তা হালনাগাদ করা বন্ধ করলে নিরাপত্তা বিশেষজ্ঞরা এক্সপি ব্যবহারকারীদের ভিন্ন ব্রাউজার ব্যবহার করার পরামর্শ দেন। ইন্টারনেট এক্সপ্লোরারের পরিবর্তে ক্রোম, ফায়ারফক্স কিংবা অপেরা ব্যবহার করলে ঝুঁকি কিছুটা কমবে বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
গুগল কর্তৃপক্ষ এক্সপির জন্য ক্রোম ব্রাউজারের সিকিউরিটি আপডেট বন্ধ করার ঘোষণা দিলেও মোজিলা বা অপেরা এ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাজার গবেষকেরা বলছেন, এখনও উইন্ডোজ পিসি ব্যবহারকারীদের মধ্যে সাড়ে ১৮ শতাংশ ব্যবহারকারী এক্সপি ব্যবহার করেন।