এক্সপি-ফটোশপ বিচ্ছেদ!
এক দশক ধরে জনপ্রিয় মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি ছেড়ে যাচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবির পণ্য ব্যবস্থাপক টম হোগার্টি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, অ্যাডোবির পরবর্তী সংস্করণের ফটোশপ (সিএস৭) উইন্ডোজ এক্সপি আর সমর্থন করবে না। নতুন সংস্করণের ফটোশপ চালাতে উইন্ডোজ ৭ বা পরবর্তী অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়বে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।মাইক্রোসফট ২০০১ সালে উইন্ডোজ এক্সপি বাজারে এনেছিল। ১১ বছর ধরে এ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় ছিল। ১৪ সেপ্টেম্বর অ্যাডোবি কর্তৃপক্ষ জানিয়েছে, ফটোশপের সিএস৬ সংস্করণই হতে যাচ্ছে এক্সপির জন্য সর্বশেষ সংস্করণ।এক্সপি ছেড়ে দেওয়ার কারণ হিসেবে টম হোগার্টি জানিয়েছেন, আধুনিক পারফরমেন্স ভিত্তিক অ্যাডোবি ফটোশপের জন্য উন্নত হার্ডওয়্যার গ্রাফিকস ইন্টারফেসের প্রয়োজন পড়বে, যা এক্সপিতে নেই।ইন্টারনেটভিত্তিক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের আগস্ট মাসের উপাত্ত অনুসারে, জনপ্রিয়তার দিক থেকে উইন্ডোজের এক্সপি অপারেটিং সিস্টেমকে ছাড়িয়ে গেছে উইন্ডোজ ৭। তবে এখনো উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীর সংখ্যা অনেক।আগস্ট মাসে ডেস্কটপ অপারেটিং সিস্টেমের বাজারে উইন্ডোজ ৭ দখল করেছিল ৪২.৭৬ শতাংশ আর এক্সপির দখলে ছিল ৪২.৫২ শতাংশ। উইন্ডোজ ভিস্তার দখলে নিয়েছিল বাজারের ৬.১৫ শতাংশ। উইন্ডোজের পরের অবস্থানে ছিল ম্যাক ওএসএক্স১০.৭ ও ম্যাক ওএসএক্স১০.৬। ডেস্কটপ বাজারের ম্যাক অপারেটিং সিস্টেম দুটির দখল যথাক্রমে ২.৪৫ শতাংশ ও ২.৩৮ শতাংশ।নেট অ্যাপ্লিকেশনের এক তথ্য অনুসারে, ডেস্কটপ অপারেটিং সিস্টেমের বাজারের ৯২ শতাংশ দখলে রেখেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ব্যবহারকারীদের মাইক্রোসফটের পুরোনো অপারেটিং সিস্টেম থেকে নতুন অপারেটিং সিস্টেমে নিয়ে যাওয়ার জন্য মাইক্রোসফট অনেক পন্থা গ্রহণ করেছে।এদিকে গুগল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, সম্প্রতি মাইক্রোসফটের এক্সপি অপারেটিং সিস্টেমে আসা ইন্টারনেট এক্সপ্লোরার ৮ নামের ব্রাউজারে গুগলের অ্যাপ্লিকেশন সমর্থন করবে না। তবে অপেরা, ফায়ারফক্স ও ক্রোম ব্রাউজার ব্যবহার করলে গুগল অ্যাপ্লিকেশন সমর্থন করবে।