এক্সপির তরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সমালোচকেরা যখন উইন্ডোজ এক্সপি থেকে নতুন অপারেটিং সিস্টেমে হালনাগাদ হওয়া একরকম অসম্ভবই বলছেন, মাইক্রোসফট তার জবাবে সফটওয়্যার প্রতিষ্ঠান ল্যাপলিংকের সঙ্গে যৌথভাবে ‘ফ্রি পিসিমুভার এক্সপ্রেস’ নামে একটি প্রোগ্রাম এক্সপি ব্যবহারকারীদের বিনা মূল্যে ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছে। এই ঘোষণা মাইক্রোসফট এমন এক সময়ে দিল, যখন আগামী ৮ এপ্রিল তারা এক্সপির জন্য কোনো সেবা দেবে না—এ ধরনের একটি বার্তা উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা তাঁদের কম্পিউটারে পেতে শুরু করেছেন। এক্সপি ব্যবহারকারীরা তাঁদের ফাইল যাতে উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ ৭ কিংবা ৮ অপারেটিং সিস্টেমে সহজে স্থানান্তর করতে পারেন, এমন সুবিধা করে দেবে এই পিসিমুভার এক্সপ্রেস প্রোগ্রামটি।
পিসিমুভার এক্সপ্রেস দিয়ে এক্সপি ব্যবহারকারী তাঁর এমপিথ্রি ফাইল, ছবি, ভিডিও, ই-মেইল, ইউজার প্রোফাইল, সিস্টেম সেটিংস ইত্যাদি নতুন উইন্ডোজচালিত কম্পিউটারে পাঠাতে পারবেন। পুরোনো কম্পিউটার থেকে ঠিক কী কী ফাইল বা সেটিংস সরাতে চান, তা নিজেই বাছাই করতে পারবেন। বিনা মূল্যের এ সফটওয়্যারটি দিয়ে ইনস্টল করা প্রোগ্রামগুলো অবশ্য স্থানান্তর করা সম্ভব হবে না। এ জন্য পিসিমুভার প্রফেশনাল নামে আরেকটি সফটওয়্যার আছে, যেটি ব্যবহার করতে চাইলে পয়সা গুনতে হবে। কয়েক দিন আগে এক ব্লগ বার্তায় মাইক্রোসফট এ সুবিধার কথা ঘোষণা করলেও তখনই প্রোগ্রামটি নামানোর ব্যবস্থা করেনি। বর্তমানে বিনা মূল্যের পিসিমুভার এক্সপ্রেস প্রোগ্রামটি নামানো যাবে http://goo.gl/qgDlyY ঠিকানার ওয়েবসাইট থেকে। এর আকার ৮৩ মেগাবাইট।
—মঈন চৌধুরী