এক্সপির বিপদে এগিয়ে এল মাইক্রোসফট

উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের আর কোনো কারিগরি সেবা দেবে না বলেছিল মাইক্রোসফট। তবে তাঁদের বিপদের সময় এগিয়ে এসেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের জটিল একটি বাগ বা সফটওয়্যার ত্রুটির দ্রুত আপডেট এনে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট। খবর রয়টার্সের।
গবেষকেরা দাবি করেন, মাইক্রোসফটের এক যুগের বেশি সময় আগের এক্সপি অপারেটিং সফটওয়্যারের সমর্থন ৮ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়। এরপর ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের এই বাগটি প্রথমবারের মতো বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়ায়। শুরুতে মাইক্রোসফট জানিয়েছিল, এক্সপি ব্যবহারকারীদের জন্য কোনো সমর্থন দেবে না। তবে গতকাল মাইক্রোসফট তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। উইন্ডোজ আপডেট সিস্টেমের মাধ্যমে এই বাগটি স্বয়ংক্রিয়ভাবে দূর করার কথা জানায় তারা।
মাইক্রোসফটের মুখপাত্র অ্যাড্রিন হল জানিয়েছেন, ‘আমরা এই বাগ দূর করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সব গ্রাহক যাতে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পান তার ব্যবস্থা করেছি।’
সাইবার নিরাপত্তাবিষয়ক সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ফায়ারআইয়ের গবেষকেরা এই বাগ শনাক্ত করেন।
গবেষকেরা ধারণা করছেন, এখনো বিশ্বে ১৫ থেকে ২৫ শতাংশ কম্পিউটারে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহূত হচ্ছে।
২৬ এপ্রিল শনিবার ওয়েব ব্রাউজারে বাগ দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরারের ৬ থেকে ১১ সংস্করণের সবগুলোতেই এ বাগ দেখা যায়। নেট মার্কেটশেয়ার নামে এক প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠানের ভাষ্য, বর্তমানে পিসি ব্রাউজারের শতকরা ৫৫ ভাগই ইন্টারনেট এক্সপ্লোরারের এই সংস্করণগুলো ব্যবহূত হচ্ছে।
সাইবার নিরাপত্তাবিষয়ক সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ফায়ারআইয়ের গবেষকেরা জানিয়েছেন, ইন্টারনেট এক্সপ্লোরারের সফটওয়্যার ত্রুটি বা বাগ কাজে লাগিয়ে হ্যাকাররা এর মধ্যে ‘অপারেশন ক্লানডেসটিন ফক্স’ নামের কর্মসূচি শুরু করেছে। এ ধরনের সাইবার হামলা ঠেকাতে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার এড়ানোর পরামর্শও দিয়েছেন ফায়ারআইয়ের গবেষকেরা।
হ্যাকারদের আক্রমণের কথা স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছে, এ ধরনের বাগ ব্যবহার করে হ্যাকাররা পুরো সিস্টেমকে আক্রান্ত করে এবং নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে এবং তথ্য মুছে দেওয়া, ভাইরাস ইনস্টল করা, নতুন অ্যাকাউন্ট খোলা, তথ্য চুরির মতো ঘটনা ঘটাতে পারে।
বাজার গবেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফটকে দ্রুত এই বাগ ঠিক করার বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মান সরকার কম্পিউটার ব্যবহারবারীদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার এড়ানোর পরামর্শ দিয়েছিল।