এখন অনলাইনে গান শোনাবে ইউটিউব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে ভিডিও স্ট্রিমিংয়ের পাশাপাশি এবার পাওয়া যাবে মিউজিক স্ট্রিমিং সুবিধা। তবে বিনা মূল্যে ভিডিও দেখা গেলেও মিউজিক স্ট্রিমিং সুবিধা পেতে খরচ করতে হবে ব্যবহারকারীদের। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্যানডোরা, স্পটিফাই, আরডিওর মতো ইউটিউব থেকেও অনলাইনেই গান শুনতে পাবেন। নির্দিষ্ট খরচের বিনিময়ে কোনো ধরনের বিজ্ঞাপন ঝামেলা ছাড়াই এ সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। চলতি বছরেই এ সুবিধা চালুর কথা ভাবছে ইউটিউব। এ সুবিধা দিতে বিশ্বখ্যাত ওয়ার্নার মিউজিক ও বিলবোর্ডের সঙ্গে ইউটিউবের চুক্তির ব্যাপারেও আলোচনা চলছে বলে জানা গেছে। এ সুবিধাটি অ্যান্ড্রয়েডের মিউজিক প্ল্যাটফর্ম, গুগল প্লেসহ ইউটিউবে পাওয়া যাবে। যদিও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বর্তমানে গুগল প্লে থেকে গান কেনা ও শোনার কাজটি করতে পারছেন। তবে নতুন স্ট্রিমিং চালু হলে কয়েক লাখ গান শোনা যাবে মাসিক একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে।বিজ্ঞাপন থেকে আয়ের ওপর নির্ভরশীল হলেও ইউটিউবে পছন্দের ভিডিও চালু করার আগেই বিজ্ঞাপন, ব্যানার ও প্রচারের জন্য বিভিন্ন ভিডিও ফাইল স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। যার ফলে বিরক্ত অনেক ব্যবহারকারীই। আর এ সমস্যা থেকে মুক্তি দিতে বিশেষ সাবস্ক্রিপশন সুবিধা চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের কথা মাথায় রেখে বিজ্ঞাপনভিত্তিক বর্তমান ব্যবস্থাটিও চালু থাকবে। গান শোনানোর জন্য ইউটিউবের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁদের মতে, এর ফলে গান নিয়ে যাঁরা কাজ করেন তাঁরাও লাভবান হতে পারবেন। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম