এখন ট্যাবেও বেশি ফোন কল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্যাবে ফোন কল
ট্যাবে ফোন কল

ফোন কল করতে এখন মোবাইল ফোনের বিকল্প হিসেবে ট্যাবলেটের ব্যবহারও বেড়ে গেছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছেন, ফোন কল করার সুবিধাযুক্ত ট্যাবলেট কম্পিউটার এখন জনপ্রিয় হচ্ছে।বিল্ট-ইন ফোন সুবিধাযুক্ত ৭ ইঞ্চি মাপের পণ্যগুলোর দিকে মানুষ এখন ঝুঁকছে বেশি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ গত বুধবার এক খবরে এ তথ্য জানিয়েছে।
আইডিসির প্রান্তিক ট্যাবলেট ট্র্যাকারের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন এই তিন মাসে এশিয়া অঞ্চলে ১ কোটি ৩৮ লাখ ট্যাবলেট বাজারে এসেছে। এর মধ্যে ৩৫ লাখ ইউনিট ট্যাবলেটে ভয়েস কল করার সুবিধা রয়েছে। এসব ট্যাবলেটের বেশির ভাগই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর।প্রতিবেদনটিতে বলা হয়েছে, এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়া ও ভারতের মতো উঠতি বাজারগুলোতে বিল্ট-ইন ভয়েস কল সুবিধাযুক্ত ফিচার থাকায় ট্যাব জনপ্রিয় হচ্ছে।
আইডিসির বাজার বিশ্লেষক অবিনাশ সুন্দরম বলেন, ‘উঠতি বাজারগুলোতে ক্রেতাদের ধরন পাল্টানোর কারণ হচ্ছে, এখন ক্রেতারা একটি পণ্যের মধ্যেই নানা ধরনের সুবিধা পেতে চান। একটি পণ্যের মধ্যে সিনেমা দেখা, ছবি তোলা, মোবাইল বার্তা পাঠানো, ফোন কল করার মতো সব সুবিধা পেতে চান। এ জন্য সেই ফোনটির মাপ যদি ৭ ইঞ্চির বেশি হয়, তাতেও কোনো সমস্যা নেই।’ছোট আকারের এই ট্যাবলেটগুলোর দাম কিছুটা হাতের নাগালে এসেছে বলেই মানুষ এ ধরনের পণ্যে বেশি ঝুঁকছে।
অবিনাশের ধারণা, আগামী কয়েক বছরেও এশিয়ার বাজারে স্মার্টফোনের চেয়ে বড় অ্যান্ড্রয়েডচালিত ট্যাবলেটের চাহিদা বাড়তে থাকবে। অর্থাৎ, এশিয়ার ক্রেতারাও এখন বড়মাপের স্মার্টফোন অর্থাত্ ট্যাবলেটের-ফ্যাবলেটের দিকে ঝুঁকছেন। ফ্যাবলেট হচ্ছে ট্যাবলেট ও স্মার্টফোনের সুবিধাযুক্ত ৫ ইঞ্চির চেয়ে বেশি, কিন্তু ৬ দশমিক ৯ ইঞ্চি মাপের চেয়ে ছোট পণ্যগুলো।