এখন তো আমরা আমরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমার সন্তান, আমার সন্তান। আমাদের সন্তান। এই ভাইবোনদের ভালোবাসার বন্ধন গড়ে উঠবে তো? প্রতীকী এ ছবিতে মডেল হয়েছেন সারেক, সিয়ারা, সারাফ, নাজাহা ও বুড়ি আলী। ছবি: কবির হোসেন
তোমার সন্তান, আমার সন্তান। আমাদের সন্তান। এই ভাইবোনদের ভালোবাসার বন্ধন গড়ে উঠবে তো? প্রতীকী এ ছবিতে মডেল হয়েছেন সারেক, সিয়ারা, সারাফ, নাজাহা ও বুড়ি আলী। ছবি: কবির হোসেন

ভাইবোনে মিল থাকবে, এ আর নতুন কী কথা। পিঠাপিঠি হলে একটু-আধটু ঝগড়া, খুনসুটি হবে। এসব তো স্বাভাবিক। তবে কোনো কোনো ভাইবোনের ক্ষেত্রে থাকে যোজন যোজন ব্যবধান। যদি হয় ‘তোমার সন্তান’ কিংবা ‘আমার সন্তান’। অর্থাৎ বাবা অথবা মা যখন আবার বিয়ে করেন। তাঁদের যদি আগের ছেলেমেয়ে থাকে, তাহলে কি তারা ভাইবোন হয়ে উঠতে পারে? নাকি থেকে যায় একটা দূরত্ব।

মুমতাহিনা এখন বিশ্ববিদ্যালয়ে পড়েন। বাবা মারা যাওয়ার পর মায়ের যাঁর সঙ্গে বিয়ে হয়, সেই ব্যক্তির দুটি ছেলে ছিল। মুমতাহিনা যেমন বাবাকে হারিয়েছেন, ছেলে দুটিও হারিয়েছেন তাঁদের মাকে। নতুন বাবা ও ভাই পেয়ে মুমতাহিনা হয়তো খুশি হবেন, এমনটাই ভেবেছিলেন সবাই। বাস্তবে পরিস্থিতি ছিল পুরোই বিপরীত। ওঁদেরকে ভাই হিসেবে মেনে নিতে পারেননি। মুমতাহিনা বলেন, ‘কেন জানি ওদের আমি সহ্য করতে পারতাম না। এমন না যে ওরা আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করত। বয়সে একজন আমার চেয়ে বড়, আরেকজন প্রায় আমার বয়সীই ছিল। শুধু মনে হতো, মা ওদের আমার চেয়ে বেশি ভালোবাসছে, আদর করছে। খুব জেদ হতো, রাগ হতো। ধীরে ধীরে মায়ের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল। সেটি অবশ্য কমানোর চেষ্টাও করিনি।’

একই ঘটনা মুমতাহিনার মায়ের কাছ থেকে শুনলে অন্য রকম মনে হবে। তবে সব যুক্তিতর্কের ঊর্ধ্বে এই পরিস্থিতিতে সন্তানকে মানিয়ে নিতে মা-বাবাকেই সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থন দিতে হবে। সব সন্তানকে একই নিয়মের ছকে মাপা যাবে না। কেন বাবা অথবা মা বিয়ে করছেন, আবার এই বিষয়টি তাঁদের স্বচ্ছভাবে সন্তানের সামনে বলতে হবে। নতুন ভাইবোনের আগেও মা কিংবা বাবা যাঁকে বিয়ে করছেন, তাঁর সঙ্গে সন্তানের যেন বোঝাপড়া তৈরি হয়, সেটি নিশ্চিত করতে হবে।

তবে উল্টো ঘটনাও আছে। সৈয়দ আলী (ছদ্মনাম) বছর চারেক আগে দ্বিতীয় বিয়ে করেছেন। আগের স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ায় বিবাহবিচ্ছেদ হয়। পরে তাঁর স্ত্রী আরেকটি বিয়ে করে বিদেশে চলে যান। সৈয়দ আলী তাঁর একমাত্র ছেলেকে তাঁর সঙ্গে রেখে দেন। পারিবারিক চাপে আবার বিয়ে করেন তিনি। যাঁকে বিয়ে করেন, তাঁরও একটি মেয়ে আছে। শুরুতে ছেলেকে বলেন, এদের সঙ্গে থাকতে না চাইলে হোস্টেলেও থাকতে পারো। ছেলে অবশ্য বাবার সঙ্গে থাকার কথাই বলে। তাঁর নতুন স্ত্রীর মেয়েটি পড়ত পঞ্চম শ্রেণীতে আর তাঁর ছেলেটি সপ্তম শ্রেণীতে। প্রথম প্রথম দুজনের মধ্যে একটু জড়তা থাকলেও পরে খুব ভালো সম্পর্ক হয়। এখন তো কেউ বলেই না যে এরা আপন ভাইবোন নয়।

বিশেষজ্ঞরা মনে করেন, চাইলেই স্ত্রীর আগের সন্তান কিংবা স্বামীর আগের সন্তানদের মধ্যে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে। এখানে পুরো দায়িত্ব মা-বাবার। হঠাৎ করেই বলে বসা যাবে না, আপনি বিয়ে করছেন। নিজেদের কথা অবশ্যই ভাববেন। তবে সন্তানের প্রবল আপত্তি থাকলে, আরও একবার ভাবুন। না হলে সন্তানের মনোজগতে নানা প্রশ্ন দ্বন্দ্বের জাল তৈরি করবে। এই জালে আপনার অগোচরে সন্তান একসময় আটকা পড়ে যাবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেখলা সরকার বলেন, সাধারণত মা বা বাবার আবার বিয়ে হলে সন্তানেরা একধরনের মানসিক অস্থিরতা ও অস্বস্তিতে ভোগে। এটি আগে দূর করতে হবে। আর সেই পরিবারে যদি তার মতো ছেলেমেয়ে থাকে তখন হিংসা, রাগ এসব কাজ করে। এ ক্ষেত্রে মা-বাবাকেই কৌশলে সবকিছু সামাল দিতে হবে। কারও সন্তানই যদি সমস্যা করে, তাহলে বলা যাবে না, তোমার সন্তান এটা করেছে, আমার সন্তান ভালো। নতুন ভাইবোনের সামনে সন্তানের সমালোচনা না করে তাকে আলাদাভাবে বুঝিয়ে বলতে হবে।

বিয়ের পর সন্তান নিতে চাইলে, গর্ভধারণের পুরো সময়টাতে এই ছেলেমেয়েগুলোকে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতে হবে, যাতে আরেকটি ভাই বা বোন হলে সে মুষড়ে না পড়ে।

উভয় পক্ষের সন্তানদের মধ্যে ভাইবোনের সম্পর্ক জোরালো করতে আরও কিছু বিষয় বিবেচনা করতে হবে।

১.  তারা যদি কোনো নালিশ করে নতুন ভাইবোন নিয়ে, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে ‘আপনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন’ এমন ভাব করুন। পরে আপনি খেয়াল করবেন, তার অভিযোগ কতখানি সত্য। সত্য প্রমাণিত হলে সেই সন্তানকে আপনার সন্তানের সামনে কিছু বলবেন না। আলাদা করে বলতে হবে।

২.  জন্মদিন বা বিশেষ কোনো দিনে উপহার কিনে এনে তাদের মধ্যে উপহার বিনিময় করতে উদ্বুদ্ধ করতে হবে।

৩.  ছুটির দিনে সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো খেলার আয়োজন করতে পারেন। যেখানে পুরো পরিবার একসঙ্গে খেলবে। এতেও নতুন ভাইবোনের মধ্যে সম্পর্ক ভালো হবে।

৪.  উপহার কিনলে সব ছেলেমেয়ের জন্যই কিনতে হবে। প্রত্যেকের পছন্দ-অপছন্দের কথা জানার চেষ্টা করুন।