‘৩০ দেশের তালিকায় বাংলাদেশের নাম/এই পাওয়াটা তোমার আমার সবার শ্রমের দাম।’ গত বৃহস্পতবাির রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটএক্সপো-২০১১ মেলায় তথ্যপ্রযুক্তি খাতে আউটসোর্সিংয়ে গার্টনারের জরিপে বাংলাদেশের অবস্থান নিয়ে ‘বাংলাদেশ ইন টপ থার্টি আইটি আউটসোর্সিং ডেস্টিনেশনস ইন গার্টনার র্যাংকিং: অ্যাকশন প্লান ফর ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘শুধু হার্ডওয়্যার আর সফটওয়্যার নয়, আমাদের নজর দিতে হবে হিউম্যানওয়্যারের দিকেও। তরুণ প্রজন্মের প্রতি আমার অগাধ বিশ্বাস, তারা যদি নিজেদের মেধা ও শ্রম দিয়ে এক হয়ে কাজ করে, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত আরও সমৃদ্ধ হবে।’ সেমিনারে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসেন, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকসহ অনেকে।মাহফুজ আনাম বলেন, ‘আগে আমাদের সম্পদ বলতে ছিল শুধু তেল, কয়লা ইত্যাদি। কিন্তু এখন আইডিয়া আর সময়—এই দুটি বিষয় হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। তাই তথ্যপ্রযুক্তি খাতে সমৃদ্ধির জন্য চাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে তার বাস্তবায়ন।’বক্তারা বলেন, ‘গার্টনারের প্রতিবেদনে ভেসে যাওয়ার কিছু নেই। আমরা কিন্তু ভাষা, অবকাঠামো আর কপিরাইট আইন—এই বিষয়গুলোয় পিছিয়ে আছি।’ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনের সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান জানান, এশিয়ার নয়টি দেশের মধ্যে বাংলাদেশ ভাষা আর অবকাঠামোয় পিছিয়ে থাকা একমাত্র দেশ। তবে হতাশা নয় বরং সঠিক সিদ্ধান্ত নেওয়া আর বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বক্তারা। এ জন্য সবার আগে নজর দিতে হবে নতুন প্রজন্মের ওপর। —সুর জাহাঙ্গীর