
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে ও তথ্য ব্যবস্থাপনার শিক্ষার্থী রাবেয়া আক্তার বহুমুখী প্রতিভা। সংস্কৃতির বিভিন্ন আঙিনায় এ পর্যন্ত বিশের অধিক পুরস্কার পেয়েছেন। পরিবার ও বন্ধুমহলে ওর পরিচয় মেঘলা নামে।
রাবেয়ার জন্ম মুন্সিগঞ্জে হলেও বেড়ে ওঠা পুরান ঢাকায়। রংবেরঙের উৎসবের পুরান ঢাকার রং দেখতে দেখতেই মনে হয় আঁকাআঁকির প্রতি ঝোঁকটা চলে এসেছিল সেই ছোটবেলা থেকেই। স্কুলজীবনে তাই পড়াশোনার পাশাপাশি আঁকিবুঁকি করেই সময় কেটে গেছে বেশ। মেয়ের মনের কথা বুঝতে পেরে তাই মা একদিন ভর্তি করে দিয়েছিলেন আর্ট একাডেমিতে। হতাশ করেননি তিনি মাকে। নতুন কুঁড়ি সংগীতালয়ের আয়োজনে আন্তজেলা চিত্রকলা প্রতিযোগিতায় পর পর দুবার প্রথম হয়ে মায়ের হাতে তুলে দেন জাতীয় পুরস্কার। ছোটবেলার এই ঝোঁকটা বড় বেলায়ও পিছু ছাড়েনি। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে আয়োজিত হয় তাঁর প্রথম সম্মিলিত চিত্র প্রদর্শনী ‘জীর্ণতাই স্বর্গীয় সুন্দর’।
তুলির আঁচড়ে রং নিয়ে খেলতে খেলতে হঠাৎ কলম নিয়েও বসে গিয়েছিলেন লিখতে। সেই শুরু লেখালেখির। কলেজজীবনে সম্পাদনা করেন দেয়ালপত্রিকা নীহারিকা । ছোটগল্প লিখতেই পছন্দ করেন বেশি। অনলাইনে ‘ভালোবাসার গল্প’ নামে ছোটগল্প প্রকাশের একটি পাতার সঙ্গেও যুক্ত আছেন দুই বছর হলো। যুক্ত ছিলেন দুটি বইয়ের সম্পাদনায়।
শুধু লেখালেখি আর আঁকাআঁকিতেই কি মন ভরে? তাই তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মিশে যান নাটকের মানুষজনের সঙ্গে, নাটকের সংলাপে সংলাপে খুঁজে পেতে থাকেন নতুন নিজেকে। কাজের অভিজ্ঞতায় জমা করেন একুশে টেলিভিশন ও চন্দ্রকলা থিয়েটারে কাজ করার গৌরব। সেই সঙ্গে আবৃত্তির চর্চাটা তো ছিলই। সাংস্কৃতিক বিভিন্ন শাখায় পেতে থাকেন একের পর এক পুরস্কার। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিকের সম্মানও পেয়ে যান বহুমাত্রিক গুণের এই তরুণী।
ব্যবসায়ী বাবা আবদুল করিম শেখ আর মা রোকসানা বেগমের সংসারে তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার বড় মেঘলা। দক্ষিণ মুহসেন্দি উচ্চবালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন মেঘলা। কৃতিত্বের ঝুলিতে যোগ হয় জিপিএ ৫।
সমাজের অবহেলিত অংশের জন্য সব সময়ই কিছু করতে চাওয়ার তাড়না থেকে সাত বছর ধরে যুক্ত আছেন বিবর্তনের সঙ্গে। স্বপ্ন দেখেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল তৈরির, তাঁর উদ্যোগে ‘স্বরলিপি’ তেমনই একটি প্রয়াস। এত কিছুর মধ্যে থেকেও পড়াশোনায় ক্লাসে শীর্ষ দুইয়ের মধ্যে তাঁর অবস্থান। ভবিষ্যতে ব্যাংকার হতে চান স্বপ্নালু এই তরুণী। একদিন এই প্রিয় দেশের লাল-সবুজ পতাকা সবার ওপরে থাকবে, স্বপ্ন দেখেন সেই সচ্ছল বাংলাদেশের গর্বিত অংশীদার হওয়ার।