আট মাসে নানা পর্যায় পেরিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরির প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে। ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪ নাামের এ আয়োজনে শীর্ষ দশ অ্যাপসের নাম জানা যাবে আজই।
তৃতীয় পর্বে উত্তীর্ণ ১৫টি অ্যাপস ও একটি ফেসবুক গেমসের বিচারপ্রক্রিয়া গতকাল শনিবার ঢাকার ব্র্যাক সেন্টার ইনে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার ওয়েবসাইটে (www.eatlapps.com) আজ রোববার সন্ধ্যায় শীর্ষ দশটি অ্যাপের তালিকা প্রকাশ করা হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম কায়কোবাদকে প্রধান করে ছয় সদস্যের বিচারকমণ্ডলী বিচারকাজ পরিচালনা করেন। প্রতিযোগীদের উপস্থাপনা শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে এম কায়কোবাদ বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা আমাদের তরুণ প্রজন্মের মেধাবিকাশে সহায়ক ভূমিকা পালন করে।’ এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, আগামী দিনে আরও বড় আকারে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিচারকমণ্ডলীতে আরও ছিলেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, রবির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট খালিদুর রহমান দেওয়ান, বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. ইউসুফ সরোয়ার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ পালিত ও প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন।
প্রতিযোগিতার শেষ প্রান্তে শীর্ষ দশ অ্যাপসের নাম ঘোষণার পর শুরু হবে অনলাইন ভোট পর্ব। এই ভোটে প্রথম থেকে দশম স্থান পর্যন্ত নির্ধারিত হবে।
—নিজস্ব প্রতিবেদক