এখনই ডটকমে কম্পিউটার সোর্সের ভার্চুয়াল দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে বসেই বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য কেনাকাটা ও আন্তর্জাতিকমানের সেবা পাওয়া যাবে। এ জন্য তথ্যপ্রযুক্তিপণ্য পরিবেশক ও সেবাদাতা কম্পিউটার সোর্স লিমিটেড এবং ই-কমার্স প্রতিষ্ঠান এখনই ডটকম একসঙ্গে কাজ শুরু করছে। এ জন্য এখনই ডটকমে (www.ekhoni.com) কম্পিউটার সোর্সের ভার্চুয়াল দোকান চালু হবে। গতকাল সোমবার রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে ই-কমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ‘দেশের বিকাশমান ই-বাণিজ্য খাতকে বিকশিত করার স্বার্থে ই-কমার্স পোর্টাল এখনই ডটকমের সঙ্গী হয়ে এই ভার্চুয়াল দোকানটি চালু করতে যাচ্ছি। এতে করে অনলাইনে ইলেকট্রনিকসের একটি বড় বাজার তৈরি হবে।’
এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান বলেন, ‘ই-কমার্স হবে ভবিষ্যৎ ব্যবসা ও বাণিজ্যের সর্ববৃহৎ কৌশল ও পন্থা। ক্রেতারা অনলাইনে কোনো ঝামেলা ছাড়াই তাঁদের পছন্দের ইলেকট্রনিকস পণ্য একই ওয়ারেন্টিসহ কিনতে পারবে। শিগগিরই যাতে গ্রাহকেরা বিভিন্ন ব্যাংকের কার্ড এবং মার্চেন্ট কার্ড ব্যবহার করে কিস্তিতে (সুদ ছাড়া) পণ্য কিনতে পারেন তারও ব্যবস্থা করা হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, কৌশলগত চুক্তির ফলে এখনই ডটকম থেকে খুচরা মূল্যে কম্পিউটার সোর্সের বিভিন্ন ব্র্যান্ড ল্যাপটপ থেকে শুরু করে অ্যান্টিভাইরাস সফটওয়্যারসহ প্রতিটি পণ্যই কিনতে পারবেন ক্রেতারা। কম্পিউটার সোর্সের ওয়েবসাইট থেকেও এই ই-কমার্স সাইটের মাধ্যমে অর্ডার দেওয়া যাবে। একই সঙ্গে দেশজুড়ে ৩৬টি কম্পিউটার সোর্স সার্ভিস টাচ পয়েন্টের মাধ্যমে সেবা নিতে পারবে। গ্রাহক পণ্য হাতে পাওয়ার পরে তাতে কোনো সমস্যা থাকলে তার সমাধানও দেওয়া হবে। অনুষ্ঠানের শেষে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। —রাহিতুল ইসলাম