এখনও তুমুল জনপ্রিয় উইন্ডোজ এক্সপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ এক্সপি
উইন্ডোজ এক্সপি

এক দশকেরও বেশি পুরোনো উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের এই প্ল্যাটফর্ম ছেড়ে উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণগুলোতে আনার সব রকম চেষ্টা করে যাচ্ছে মাইক্রোসফট। তারপরও উইন্ডোজ এক্সপির জনপ্রিয়তা কমছেই না।
ওয়েব তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আগস্ট মাস পর্যন্ত অপারেটিং সিস্টেমের বাজার দখলের হিসেবে ১২.৯২ শতাংশ এখনও এক্সপির দখলে। সে তুলনায় উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণ উইন্ডোজ ৮.১ এর দখলে রয়েছে বাজারের ৭.৪৬ শতাংশ। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর এ তথ্য জানিয়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ২০১২ সালে মাইক্রোসফটের বাজারে আনা উইন্ডোজ ৮ খুব বেশি জনপ্রিয় হয়নি। কিন্তু ৮.১ সংস্করণটি এখন চতুর্থ জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসেবে স্থান করে নিয়েছে। সম্প্রতি জনপ্রিয়তার দিক থেকে উইন্ডোজ ৮ কে অতিক্রম করেছে ৮.১।
তবে মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ একত্রে বাজার দখলের হিসেবে এক্সপিকে অতিক্রম করতে পেরেছে।
স্ট্যাটকাউন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭। বর্তমানে বাজারে ৫০.৩ শতাংশ উইন্ডোজ ৭ এর দখলে। দ্বিতীয় অবস্থানে রয়েছে এক্সপি। ৭.৮২ শতাংশ বাজার দখলে রেখে তৃতীয় অবস্থানটি অ্যাপলের ওএসএক্সের। চতুর্থ স্থানে উঠে এসেছে উইন্ডোজ ৮.১।

এদিকে বাজার বিশ্লেষকেরা বলছেন, শিগগিরই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের ঘোষণা দেবে মাইক্রোসফট। সংস্করণটির নাম হবে উইন্ডোজ ৯। এই সংস্করণটিকে ব্যবহার বান্ধব করতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করবে মাইক্রোসফট। এক্সপিকে ঠেকাতে উইন্ডোজ ৯ ব্যবহারকারীদের বেশ কিছু সুবিধা দেওয়ার কথা ভাবছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।