এখনো অধরা মুঠোফোন, ইন্টারনেট!
মুঠোফোনের যুগ বলা হলেও বিশ্বে মুঠোফোন আর ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা নেহাত কম নয়। এখনো অনেকের হাতেই মুঠোফোন পৌঁছেনি। সম্প্রতি এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, বর্তমান বিশ্বে ১০০ কোটিরও বেশি মানুষ এখনো মুঠোফোন সেবার বাইরে আর ইন্টারনেট-সুবিধা নেই এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীর।জাতিসংঘের টেলিকম সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) প্রতিবেদন অনুসারে, বর্তমান বিশ্বে মুঠোফোনের গ্রাহকসংখ্যা ৬০০ কোটি ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক সময়ে মুঠোফোনের গ্রাহক দ্রুত বাড়লেও এখনো ১০০ কোটি মানুষের আওতার বাইরে রয়ে গেছে মুঠোফোনের সুবিধা।আইটিইউর এক প্রতিবেদন অনুযায়ী, উন্নত দেশগুলোতে ৭০ শতাংশ মানুষের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছালেও উন্নয়নশীল দেশগুলোতে এ হার মাত্র ২৪ শতাংশ। বিশ্বের ২৩০ কোটি মানুষ এখনো ইন্টারনেট সেবার আওতার বাইরে।আইটিইউর প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ইন্টারনেট ও মুঠোফোনের খরচের পার্থক্য ব্যাপক। দরিদ্র দেশগুলোকে এ দুটি সেবা পেতে সবচেয়ে বেশি খরচ করতে হচ্ছে।