দ্রুত ও সহজে তথ্য পৌঁছানোর উপায় হিসেবে চালু হওয়া দেশের ৬৪টি জেলার ওয়েবসাইট তথ্য বাতায়নের মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ১৪টি ওয়েবসাইট বন্ধ রয়েছে। গত বুধবার রাত থেকে ৫২টি জেলার তথ্য বাতায়নই বন্ধ ছিল। এর মধ্যে গত শুক্রবার পর্যন্ত আরও ২০টি চালু হয়। শনিবার আরও কিছু সাইট চালু হওয়ার পরও ১৪ জেলার সাইট এখনো বন্ধ আছে।বন্ধ থাকা সাইটগুলোতে সাদা পৃষ্ঠায় কয়েক লাইন সাংকেতিক কথাবার্তা দেখা গেছে। এ নিয়ে গতকাল প্রথম আলোর কম্পিউটার প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়। বর্তমান সার্ভার থেকে সরকারের নিজস্ব সার্ভারে স্থানান্তরের কারিগরি কারণে এমনটা হচ্ছে। কিন্তু সাইটে বা অন্য কোথাও এ-সংক্রান্ত কোনো তথ্যই দেওয়া হয়নি। যেসব জেলার ওয়েবসাইট এখনো ঠিক হয়নি সেসব হলো: পটুয়াখালী, পিরোজপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, পাবনা, সিরাজগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ।কারিগরি এ বিষয়ের ব্যাপারে কোনো ধরনের তথ্য ওয়েবসাইট, জেলা প্রশাসকের কার্যালয় বা বাংলাদেশের জাতীয় ওয়েবসাইটে (www.bangladesh.gov.bd) থাকা http://goo.gl/at0SU লিংকেও বলা নেই। সার্ভার পরিবর্তন করার সময় সাইট বন্ধ না রেখেও কাজ করা যায় এবং খুব বেশি হলে এক-দুই ঘণ্টার জন্য ওয়েবসাইট বন্ধ রাখার দরকার হতে পারে। তার পরও সেখানে বুধবার থেকে শুরু হওয়া এ সমস্যাটির পূর্ণাঙ্গ সমাধান এখনো হয়নি। এ ব্যাপারে গতকাল শনিবার ওয়েবসাইটগুলোর তত্বাবধায়ক সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের (এটুআই) প্রকল্পের সিস্টেম অ্যানালিস্ট ফরহাদ জাহিদ শেখ প্রথম আলোকে জানান, ‘আগামীকালের (আজ রোববার) মধ্যে সবগুলো ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করছি। পরবর্তীতে সাইটগুলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অবস্থিত আমাদের ন্যাশনাল ডেটা সেন্টারে থাকবে।’—নুরুন্নবী চৌধুরী