এখনো ৩২ জেলার ওয়েবসাইট বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষের কাছে দ্রুত এবং সহজে তথ্য পৌঁছানোর উপায় হিসেবে সারা দেশের ৬৪টি জেলার জন্য তৈরি করা হয় বিশেষ ওয়েবসাইট—জেলা তথ্য বাতায়ন। এসব সাইটে জেলার নানা ধরনের তথ্য থাকে। গত বুধবার রাত থেকে ৫২টি জেলার তথ্য বাতায়নই বন্ধ ছিল। এর মধ্যে ২০টি পরে চালু হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত দেখা যায় ৩২ জেলার তথ্য বাতায়ন বন্ধ রয়েছে। প্রতিটি সাইটে গিয়ে সাদা পৃষ্ঠায় কয়েক লাইন সাংকেতিক কথাবার্তা দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান সার্ভার থেকে সরকারের নিজস্ব সার্ভারে স্থানান্তরের কারিগরি কারণে এমনটা হচ্ছে। কয়েকটি জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারাও একই রকম তথ্য দিয়েছেন। কিন্তু সাইটে বা অন্য কোথাও এ-সংক্রান্ত কোনো তথ্যই দেওয়া হয়নি।যেসব জেলার ওয়েবসাইট এখনো ঠিক হয়নি, সেসব হলো: পটুয়াখালী, পিরোজপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, টাঙ্গাইল, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, পাবনা, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় সার্ভারে সমস্যা হয়েছে। বুধবার থেকেই সাইটটি হ্যাং হয়ে আছে।’ পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, ‘বিষয়টি নিয়ে ঢাকায় কথা বলা হয়েছে। দ্রুত সাইট ঠিক হবে বলে আমাদের জানানো হয়েছে।’ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে এলাহী জানিয়েছেন, ‘আরও দুই দিন সময় লাগবে সাইট ঠিক হতে।’ তবে চট্টগ্রামের সাইট গতকাল ঠিক হয়েছে। ওয়েবসাইটগুলো পরিচালনা করছে সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রকল্প। এই প্রকল্পের সিস্টেম অ্যানালিস্ট ফরহাদ জাহিদ শেখ প্রথম আলোকে জানান, ‘এত দিন একটি দেশি বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভারে জেলা তথ্য বাতায়ন ওয়েবসাইটগুলো রাখা (হোস্ট) হয়েছিল। এসব সাইটকে এখন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অবস্থিত নিজস্ব সার্ভারে নেওয়া হচ্ছে। এ জন্য এ সময়ে ব্যবহারকারীরা ওয়েবসাইট দেখতে পাননি।’ কারিগরি এ বিষয়ের ব্যাপারে কোনো ধরনের তথ্য ওয়েবসাইট, জেলা প্রশাসকের কার্যালয় বা বাংলাদেশের জাতীয় ওয়েবসাইটে (www.bangladesh.gov.bd) থাকা http://goo.gl/at0SU লিংকেও বলা নেই। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আক্তারুজ্জামান প্রথম আলোকে জানান, ‘সার্ভার পরিবর্তন করার সময় সাইট বন্ধ না রেখেও কাজ করা যায়। এ ক্ষেত্রে বিকল্প ব্যবস্থায় ওয়েবসাইট চালু রাখা সম্ভব। খুব বেশি হলে এক-দুই ঘণ্টার জন্য ওয়েবসাইট বন্ধ রাখার দরকার হতে পারে। এর বেশি নয়।’ প্রসঙ্গত, ২০১০ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দেশের ৬৪ জেলার জন্য ওয়েবসাইটগুলো উদ্বোধন করেন। —চট্টগ্রাম ও পটুয়াখালী অফিস এবং নারায়ণগঞ্জ প্রতিনিধির সহায়তায় নুরুন্নবী চৌধুরী