এগিয়ে গেছেই-বুক!
প্রযুক্তির এই যুগে নাকি নতুন প্রজন্ম ক্রমেই বইবিমুখ। এই দাবি জোরালো এবং সত্যি হলেও স্বস্তির নাম ই-বুক। কম্পিউটারের পর্দায় হলেও নতুন প্রজন্ম বই পড়ছে এই ই-বুকেই। কয়েক দিন আগে মার্কিন প্রকাশনা শিল্পের সংস্থা অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্স (এএপি) জানিয়েছে একটি নতুন তথ্য, বাণিজ্যিকভাবে কাগুজে প্রকাশনাকে ছাপিয়ে গেছে ই-বুক। এএপির তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে ই-বুক বিক্রি হয়েছিল নয় কোটি ৩০ লাখ ডলারের ওপরে, যা কি না আগের বছরের একই মাসের চেয়ে ২০২ শতাংশ বেশি।নতুন আরেকটি ই-বুক রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। এ বছর দেশটিতে সাধারণ বইয়ের চেয়ে ই-বুক বিক্রি হয়েছে অনেক বেশি। এই রেকর্ড সাধারণ বইয়ের বাজারে বেশ বড় ধাক্কা দিয়েছে বলে মানছেন অনেকে। এ ব্যাপারে এএপির মুখপাত্র অ্যান্ডি স্পোরকিন বলেন, ‘ই-বুক বিক্রির এই পরিসংখ্যান স্থির নয়। তার পরও এটা যে একটা রেকর্ড, তা অস্বীকার করার জো নেই।’ এই তথ্যের পর সাধারণ বই ব্যবসায়ীরা নড়েচড়ে বসছেন, এটা নিশ্চিত। দেখার বিষয়, শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায় এই প্রতিযোগিতা। —সিএনএন অবলম্বনে মাহফুজ রহমান