এগিয়ে গেলেন জুকারবাগ
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগের সম্পদের পরিমাণ যেন স্রোতের মতো বেড়েই চলেছে। এই অগ্রগতির ধারাবাহিকতায় তিনি গুগলের প্রতিষ্ঠাতা সার্জি ব্রেইন ও ল্যারি পেজকে পেছনে ফেলে দিয়েছেন। আর অর্জন করেছেন প্রযুক্তির জগতে বিশ্বের তৃতীয় সেরা ধনীর মুকুট।বর্তমানে জুকারবাগের সম্পদের পরিমাণ ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর ব্রেইন ও পেজের সম্পদের পরিমাণ গত মার্চে ১৯ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে কমে ১৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়।টাইম সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহে জিএসভি ক্যাপিটাল করপোরেশন ফেসবুকের দুই লাখ ২৫ হাজার শেয়ার কিনেছে। প্রতিটি শেয়ারের মূল্য ছিল ২৯ দশমিক ২৮ ডলার। এই হিসাবের সঙ্গে প্রিমিয়াম হিসাব করে ফেসবুকের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ বিলিয়ন ডলার।বলা হচ্ছে, নতুন এই বিনিয়োগের কারণেই জুকারবাগের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যদিও এ বছরের প্রথম দিকে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।প্রযুক্তি জগতের সবচেয়ে ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পদের পরিমাণ ৫৬ বিলিয়ন ডলার। আর দ্বিতীয় স্থানে থাকা ওরাকল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ ৩৯ দশমিক ৫ বিলিয়ন ডলার।